সাক্ষী অনুপস্থিত সাক্ষ্য গ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় গতকাল বুধবার আদালতে কোনো সাক্ষী হাজির ছিলেন না। এতে সাক্ষ্য গ্রহণ হয়নি।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে ৪৪ জন আসামি উপস্থিত ছিলেন। কিন্তু কোনো সাক্ষী হাজির হননি। গতকাল তিনজন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। এর আগে এই মামলার বাদীসহ আটজন সাক্ষ্য দিয়েছেন। ২২ জুন মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন জামিনে আছেন। তিনি জানান, গতকাল ফেনী কারাগারে থাকা ৩৪ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৬ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা চারজনও আদালতে উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে, গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। আসামিদের মধ্যে ১৫ জন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।