২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাক্ষী আবু হেনা মোহাম্মদ ইউসুফকে জেরা শুরু করেছেন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর আইনজীবীরা। গতকাল রোববার সাক্ষীকে আরও কয়েকজন আসামির পক্ষের আইনজীবীরা জেরা করেন।সাক্ষী আবু হেনাকে জেরার সময় আবদুস সালাম পিন্টুর আইনজীবীরা রমনা বটমূল মামলার নথি উপস্থাপনের আবেদন করেন। আদালত এই আবেদন নিষ্পত্তি না হওয়ায় আজ সোমবার পর্যন্ত সাক্ষ্য গ্রহণ কার্যক্রম মুলতবি করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ আদেশ দেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে।আবু হেনাকে গতকাল জেরা শেষ করেন আসামি মওলানা আবু তাহের, গোলাম মোহাম্মদ ওরফে আবদুল মালেক, আবদুল মজিদ বাট, আবু জান্দাল, আবু সাঈদ ওরফে ডা. জাফর, রফিকুল ইসলাম, শরীফ শাহেদুর খান ওরফে বিপুলের পক্ষের আইনজীবীরা।বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর পক্ষে সাক্ষী আবু হেনাকে জেরা করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সাক্ষী এই মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় কত তারিখে জবানবন্দি দেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে আবু হেনা বলেন, ২০১১ সালে জবানবন্দি দিয়েছেন।মামলায় প্রথম অভিযোগপত্র দেওয়া সিআইডির কর্মকর্তা ফজলুল কবীরের কাছে কোনো জবানবন্দি দিয়েছেন, এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ‘না।’ তদন্ত বিষয়ে কোনো তথ্য দিয়েছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলার নথি না দেখে বলতে পারব না।’ এ পর্যায়ে আইনজীবী রমনা বটমূল মামলার নথি উপস্থাপনের আবেদন করেন। এরপর আদালত সাক্ষ্য গ্রহণ মুলতবি করেন। রাষ্ট্রপক্ষে সৈয়দ রেজাউর রহমান মামলা পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন আকরামউদ্দিন।সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জন আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়। জামিনে থাকা সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় তারেক রহমানসহ ১৯ জন পলাতক রয়েছেন।