সাক্ষী না আসায় রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রুহুল আমীন এই তারিখ ধার্য করেন।
আলোচিত এই জোড়া খুনের মামলার একমাত্র আসামি হলেন মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম। গতকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আসামি সাংসদপুত্রকে কাশিমপুর কারাগার থেকে আনা হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ মাকসুদ বলেন, সাক্ষী না আসায় সময়ের আবেদন করা হয়েছে। তবে এর আগে মামলার বাদী ও দুজন প্রত্যক্ষদর্শী সাক্ষীসহ পাঁচজনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে।
মামলায় অভিযোগ, গত বছরের ১৩ এপ্রিল রাজধানীর নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় বখতিয়ার নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।