সাক্ষী আসেনি, পলাতক থেকেও আসামির অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়মতো সাক্ষী হাজির না করায় সংঘবদ্ধ জালিয়াত চক্রের সাত সদস্য পলাতক থেকেও মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। গত বছরের অক্টোবর মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে এসব আসামি অব্যাহতি পান। তবে গত রোববার বিষয়টি জানাজানি হয়। এরপর মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার এ এইচ এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, আসামিরা সংঘবদ্ধ জালিয়াত চক্রের সদস্য। সাক্ষীর অভাবে মামলার পলাতক আসামিরা অব্যাহতি পেয়েছেন। বিষয়টি জানার পরপরই মামলার সব সাক্ষীকে আদালতে হাজির করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলাটি পুনরায় চালুর জন্য আদালতে আবেদনও করা হবে।
মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলেন সুমন মিয়া, মনিরা বেগম, হাসিনা কামাল, মজিবুর রহমান, কামাল হোসেন, জাহাঙ্গীর মিয়া ও আরিফুল ইসলাম খান। ২০০৪ সালে মামলার পরপরই আসামিদের গ্রেপ্তার করা হয়। কিন্তু আদালত থেকে জামিন নিয়ে তাঁরা পলাতক রয়েছেন। অভিযোগ গঠনের সময়ও তাঁরা পলাতক ছিলেন। সাক্ষীদের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার তামিল প্রতিবেদন মামলার নথিতে সংযুক্ত করা নেই। মামলার নথিতে দেখা যায়, ২০০৪ সালে জালিয়াতির মাধ্যমে চারটি দামি গাড়ি হাতিয়ে নিয়েছিল সংঘবদ্ধ জালিয়াত চক্রটি। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) গাড়ি উদ্ধার করে এবং সাতজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করে। তদন্ত শেষে ওই বছরের ১৮ মে আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার শুরু হয় ২০০৯ সালে। ছয় বছর মামলা চলাকালে একজন সাক্ষীকেও পুলিশ আদালতে হাজির করতে না পারায় ২০১৫ সালের ৮ অক্টোবর পলাতক আসামিদের অব্যাহতির আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ। একই সঙ্গে মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন ওই আদালত।
ঢাকার মহানগর পুলিশের যুগ্ম কমিশনারের (অপরাধ) কাছে অপরাধ ও তথ্য বিভাগের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, মামলার বাদী ছিলেন ডিবির এসআই আবদুর রাজ্জাক। তদন্ত কর্মকর্তা হলেন ডিবির এসআই কে এম জাহাঙ্গীর কবির। মামলার ১৩ জন পুলিশ সাক্ষী থাকার পরেও সাতজন পলাতক আসামি অব্যাহতি পেয়েছেন। আসামিরা দুটি মাইক্রোবাস, একটি ব্যক্তিগত গাড়ি ও একটি পিকআপ ভ্যানের কাগজপত্র জালিয়াতি করেছেন। তাঁরা সংঘবদ্ধ জালিয়াত চক্রের সদস্য। এ ধরনের জালিয়াত চক্রের পলাতক সদস্যরা অব্যাহতি পেলে তাঁরা ভবিষ্যতে আরও অপরাধে জড়িয়ে পড়বেন।