২৪ বছর আগে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার বিচার আটকে আছে
সাক্ষী এক ম্যাজিস্ট্রেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না
আসামিদের জবানবন্দি গ্রহণকারী এক ম্যাজিস্ট্রেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে ২৪ বছর আগে শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে করা একটি মামলার বিচার ঝুলে আছে। ১৯৮৯ সালে ধানমন্ডির ৩২ নম্বরের বাসায় হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে ফ্রিডম পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা এই মামলাটি হয়। ওই বছর তৎকালীন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) ম্যাজিস্ট্রেট এম আফজালুর রহমান তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন। তিনি এই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। একই ব্যক্তি বঙ্গবন্ধু হত্যা মামলারও সাক্ষী ছিলেন।মামলার এজাহারে বলা হয়, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্যরাতে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু ভবনে ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আক্রমণ চালায়। তারা একযোগে গুলি ও বোমা হামলা শেষে যাওয়ার সময় ‘কর্নেল ফারুক-রশীদ জিন্দাবাদ’ বলে স্লোগান দেন। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ মো. জহিরুল ইসলাম ধানমিন্ড থানায় একটি মামলা করেন।পরে তিন আসামি রেজাউল ইসলাম খান, লিয়াকত ও হুমায়ুন কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেন ফারুক, রশীদ ও বজলুল হুদার পরিকল্পনায় ও নির্দেশে তাঁরা শেখ হাসিনাকে হত্যা করতে ওই আক্রমণ করেছিলেন। নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, এরশাদ সরকার আমলে দায়ের হওয়া মামলাটির তদন্ত গতি পায় মূলত ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। ১৯৯৭ সালে ২০ ফেব্রুয়ারি সিআইডি ফ্রিডম পার্টির নেতা ও বঙ্গবন্ধু খুনি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ ফারুক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুর রশিদ ও মেজর (অব.) বজলুল হুদাসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর আওয়ামী লীগ সরকারের বাকি মেয়াদে মামলাটির কার্যক্রম আর এগোয়নি। ২০০৯ সালের আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে মামলাটি গতি পায়। ২০০৯ সালের ৫ জুলাই অভিযোগ গঠন করা হয়। ওই বছরের ২৭ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়। চলতি বছরের ২ মে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।কিন্তু মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সাবেক ম্যাজিস্ট্রেট আফজালুর রহমানের জন্য এখন আবার মামলাটির বিচার কাজ আটকে আছে। সাক্ষ্য দেওয়ার জন্য আফজালুর রহমানের কর্মস্থল ও তাঁর গ্রামের ঠিকানাসহ পুলিশের মহাপরিদর্শকের দপ্তরে কয়েক দফা সমন জারি করেন আদালত। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ আদালতে প্রতিবেদন দিয়েছেন। এরপর গত ১৪ জুলাই ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান এই সাক্ষির বিরুদ্ধে তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের বিলআয়ালী গ্রামের ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ১ সেপ্টেম্বর তাঁর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আফজালুর রহমান তিনজন আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি গ্রহন করেছেন। তিনি এ মামলা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাক্ষি। তাঁকে হাজির করতে আদালতের পরোয়ানা জারি করতে জন-প্রশাসন মন্ত্রণালয়, মুখ্য মহানগর হাকিম আদালত ও টাঙ্গাইল পুলিশ সুপারের কাছে আদেশের কপি পাঠানো হয়েছে। এ মামলার আসামিদের মধ্যে চারজন এখন কারাগার আছেন। তাঁরা হলেন গোলাম সারোয়ার, ফ্রিডম সোহেল, জর্জ, মো. শাহজাহান ওরফে বালু। জামিনে আছেন হুমায়ুন কবির, মিজানুর রহমান, খন্দকার আমিরুল ইসলাম ওরফে কাজল ও গাজী ইমাম হোসেন। অপর পাঁচ আসামি—লে. কর্নেল (অব.) খন্দকার আবদুর রশীদ, মো. হুমায়ুন কবির, জাফর আহম্মদ, নাজমুল মাকসুদ ওরফে মুরাদ ও রেজাউল ইসলাম খান পলাতক রয়েছেন। এ ছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় সৈয়দ ফারুক ও বজলুল হুদার ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।