সাক্ষী ও ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করতে কমিটি
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী ও ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদনের পর মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। আবেদনে ট্রাইব্যুনাল বলেছিলেন, সরকার বদল হলে নির্যাতিত হতে পারেন, এমন আশঙ্কায় অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন।গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ, রাজনৈতিক, আনসার ও সীমান্ত) মঈন উদ্দিন খন্দকারকে প্রধান করে নয় সদস্যের কেন্দ্রীয় তদারকি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ কথা জানা গেছে।কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন: এসবির অতিরিক্ত ডিআইজি (রাজনৈতিক), ডিএমপির উপপুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তরের এআইজি (গোপনীয়), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ডিজিএফআই, এনএসআই ও র্যাবের প্রতিনিধি এবং সাচিবিক দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (আইন)।জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে জেলা কমিটির সদস্য থাকবেন ডিএসবির পুলিশ সুপার, এনএসআই ও র্যাবের প্রতিনিধি এবং সদস্যসচিবের দায়িত্বে এডিসি। যেসব জেলা নিয়ে কমিটি হচ্ছে, সেগুলো হলো: ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, জয়পুরহাট, শেরপুর ও রংপুর। তদারকি সেলের কেন্দ্রীয় কমিটির প্রধান অতিরিক্ত সচিব মঈন উদ্দিন খন্দকার গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন মামলায় ভিকটিম ও সাক্ষীদের নানাভাবে হুমকি দেওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। সরকার স্পর্শকাতর এই মামলার বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর স্বার্থে এই কমিটি গঠন করেছে।কমিটির প্রধান জানান, সাক্ষীদের পক্ষ থেকে তদন্তকারী সংস্থার কাছে কেউ আশঙ্কা প্রকাশ করে অভিযোগ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের পাশে থাকবেন। কমিটি এ বিষয়টি নিশ্চিত করবে। এ ধরনের অভিযোগ পেলে তাৎক্ষণিক সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করতে নিকটস্থ পুলিশকে নির্দেশনা দেওয়া হবে।তদন্তকারী সংস্থার জ্যেষ্ঠ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক সানাউল হক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘সাক্ষীদের সুরক্ষা দেওয়া জরুরি। অনেক সাক্ষীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। সুরক্ষার নিশ্চয়তা ছাড়া কেউ সাক্ষ্য দিতে চান না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা পেলে সাক্ষীরা ভয় পাবেন না।’সাক্ষীদের সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিধিমালায় বলা হয়েছে, ট্রাইব্যুনাল সাক্ষী অথবা ভিকটিমের সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। এ ছাড়া সাক্ষী বা ভিকটিমের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে সরকার তাঁদের জন্য বাসস্থান, নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা করবে।সাক্ষী ও ভিকটিমের সুরক্ষায় দেশে কোনো আইন নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ১৯৭৩ সালের আইনে দেওয়া ক্ষমতাবলে ট্রাইব্যুনালের পক্ষে যতটুকু বিধি করা সম্ভব, ততটুকু করা হয়েছে।