সাক্ষী গোপাল দাসকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী গোপাল চন্দ্র দাসকে গতকাল বুধবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। জেরার একপর্যায়ে তিনি বলেন, তিনিই প্রকৃত গোপাল চন্দ্র দাস। এ নিয়ে সন্দেহ দূর করতে তিনি সব কাগজপত্র নিয়ে এসেছেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল গোপাল চন্দ্র দাসকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী হাজির ছিলেন।একাত্তরের ১৩ এপ্রিল কি বৃষ্টি হয়েছিল—আহসানুল হকের এই প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, মনে নেই। দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবার কুণ্ডেশ্বরী কমপ্লেক্সে গিয়ে বালিকা মহাবিদ্যালয়ের ভবনে কি গুলির দাগ দেখেছেন—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, না। পরে কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, নূতনচন্দ্র হত্যার ঘটনায় একটি মামলা হয়েছিল, তা তিনি জানেন। মামলাটি করার সময় তিনিও ছিলেন। ওই মামলায় ফজলুল কাদের চৌধুরীকে আসামি করা হয়েছিল।আসামিপক্ষের আইনজীবী মত (সাজেশন) দেন, ওই মামলায় যে গোপাল চন্দ্র দাস সাক্ষী হয়েছিলেন, এই সাক্ষী তিনি নন। রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, এটা সত্য নয়। তদন্ত কর্মকর্তা যখন জবানবন্দি নেন, তখন কি তিনি সাক্ষীর ছবি তুলেছিলেন—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মনে নেই। নিজের কোনো ছবি কি তদন্ত কর্মকর্তাকে দিয়েছেন—এর জবাবে তিনি বলেন, মনে পড়ে না।আসামিপক্ষের আইনজীবী মত দেন, একটি কুচক্রী মহল সাক্ষীকে ভারত থেকে ঢাকায় এনে এক মাস শিখিয়ে ট্রাইব্যুনালে অসত্য বক্তব্য দেওয়ানোর জন্য এনেছেন। গোপাল দাস বলেন, এটা সত্য নয়। আইনজীবী মত দেন, ঘটনার দিন পাকিস্তানি সেনাদের সঙ্গে সাকা চৌধুরীর ঘটনাস্থলে যাওয়া এবং পিস্তল বা রিভলবার দিয়ে দু-তিনটি গুলি করার বিষয়টি অসত্য। সাক্ষী বলেন, এটাও সত্য নয়।গোপাল দাসকে আসামিপক্ষের জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৮ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।পরবর্তী সাক্ষ্য গ্রহণ আজ: একই ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন। গতকাল এই মামলায় আসামিপক্ষের সপ্তম সাক্ষী জামাল হোসেন ফকিরকে জেরা শেষ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী।