জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালালকে গতকাল রোববার তৃতীয় দিনের মতো জেরা করেছে আসামিপক্ষ। মুজাহিদ এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।মুক্তিযুদ্ধে আপনার যোগ দেওয়ার কথা কোথাও লেখা হয়েছে—আইনজীবীর এ প্রশ্নে জহিরুদ্দিন জালাল বলেন, আবদুল আজিজ বীর প্রতীকের লেখায় তাঁর কথা উল্লেখ রয়েছে।জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলি বইটি কি পড়েছেন এবং তাঁর ছেলে রুমিকে কি চিনতেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বইটি পড়েননি। রুমি ছিলেন তাঁর সহযোদ্ধা।আইনজীবী জানতে চান, জাহানারা ইমামের সঙ্গে কখনো কথা হয়েছে? জবাবে সাক্ষী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হলে তিনি (সাক্ষী) জাহানারা ইমামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।আইনজীবী মত (সাজেশন) দেন, একাত্তরের এপ্রিলে মুক্তিযুদ্ধ-সংক্রান্ত ঘটনাবলি এবং যুদ্ধে সাক্ষীর অংশগ্রহণ-সংক্রান্ত যে বক্তব্য, তা সাক্ষী বিভিন্ন বই-পুস্তক পড়ে ও শুনে বলেছেন। এ সময় সাক্ষী বলেন, এটি সত্য নয়।জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।