সাক্ষী তাসনীমকে জেরা করলেন আসামিপক্ষের তিন আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেনাবাহিনীর চেইন অব কমান্ড সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। চেইন অব কমান্ড অনুযায়ী যাকে যেটুকু বলার তা বলেছি।’ পিলখানা হত্যাযজ্ঞ মামলার তৃতীয় সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল আবু তাসনীম গতকাল বৃহস্পতিবার কথাগুলো বলেছেন আসামিপক্ষের আইনজীবীর উদ্দেশে।পিলখানা থেকে বের হওয়ার আগ পর্যন্ত সেনাপ্রধান, ডিজিএফআইয়ের প্রধান, প্রধানমন্ত্রী, কাউকে কোনো তথ্য জানিয়েছেন—জেরায় আইনজীবীর প্রশ্নের জবাবে আবু তাসনীম ‘না’ উত্তর দিয়ে তাঁর উদ্দেশে এসব বলেন। রাজধানীর বকশীবাজারে ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এ মামলার বিচারকাজ চলছে।তৎকালীন বিডিআরের সিগন্যাল সেক্টরের কমান্ডার আবু তাসনীমকে গতকাল জেরা করেন আসামিপক্ষের তিনজন আইনজীবী। গতকাল সকাল পৌনে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। বিকেল পৌনে চারটায় বিচারক জহুরুল হক আগামী ৫ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি করেন। ওই দিনও তাসনীমের জেরা চলবে।বিলুপ্ত বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমের আইনজীবী আমিনুল ইসলাম জেরায় তাসনীমকে প্রশ্ন করেন, সিগন্যাল সেক্টরের প্রধান দায়িত্ব হচ্ছে সব গুরুত্বপূর্ণ স্থানে যোগাযোগ রক্ষা করা? জবাবে তাসনীম বলেন, হ্যাঁ। সেপাই মাঈনকে শুইয়ে রাখার সময় এ বার্তা সেনাসদরসহ পিলখানার বাইরে কাউকে দিয়েছিলেন কি না, আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, না, দিইনি।এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, বিদ্রোহীরা মুঠোফোন কেড়ে নেওয়ার পর তিনি মেজর গাযালীর লাশ নিয়ে যেতে দেখেন।পিলখানায় থাকা অবস্থায় মুঠোফোনে কথা বলার বিষয়টি তদন্ত কর্মকর্তা আবদুল কাহ্হার আকন্দকে না বলে আদালতে জবানবন্দিতে বলেছেন, আবু তাসনীম এ প্রশ্নের সরাসরি জবাব না দিলে আইনজীবী আমিনুল ধমকের সুরে উত্তর দিতে বলেন। এ নিয়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে বিতণ্ডা হয়। এ পর্যায়ে বিচারক জহুরুল হক ওই আইনজীবীকে বলেন, ‘তিনি একজন সম্মানিত সাক্ষী। আপনি তাঁকে প্রশ্ন করতে পারেন, ধমক দিতে পারেন না।’ জেরার সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কয়েকবার বিতণ্ডা হয়।গত ২৪ আগস্ট এ মামলার সাক্ষ্য ও জেরা শুরু হয়। প্রথম সাক্ষ্য দেন মামলার বাদী লালবাগ থানার সাবেক ওসি নবজ্যোতি খীসা। দ্বিতীয় সাক্ষী ছিলেন নিউমার্কেট থানার সাবেক ওসি কামাল উদ্দিন। তৃতীয় সাক্ষী আবু তাসনীম যে ১৭ বিডিআর সদস্যের নাম ধরে অভিযোগ করেছেন তাঁদের আইনজীবীরা তাঁকে জেরা করছেন।