সাক্ষী না আসায় সাক্ষ্য হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাক্ষী না আসায় সাক্ষ্য হয়নি।

গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরে আদালত আজ মঙ্গলবারও দিন ধার্য রাখেন।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান জানান, মামলায় বর্তমানে পাঁচজনের সাক্ষ্য হয়েছে। এভাবে দিনের পর দিন সাক্ষী না এলে মামলাটি নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যাবে।

নগর পুলিশের সহকারী কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, সাক্ষীদের হাজির করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্রসংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়।