সাক্ষী না আসায় আবার শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ৭৬ কেজি বোমা পুঁতে রাখার মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ আবার পেছানো হয়েছে।গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক কানিজ আকতার নাসরীনা খানম মামলাটির সাক্ষ্য গ্রহণের পরবর্তী ৩০ ডিসেম্বর ধার্য করেছেন।গতকাল ধার্য কার তারিখে সাক্ষীদের হাজির করতে না পারায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত এ তারিখ ধার্য করেন। একই কারণে গত ১২ ডিসেম্বর ধার্য করা তারিখে সাক্ষ্য গ্রহণ করা হয়নি। এর পরের ধার্য তারিখ ছিল গতকাল।এ মামলায় অভিযুক্ত ২৫ আসামির মধ্যে হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানসহ কারাগারে থাকা নয়জনকে গতকাল আদালতে হাজির করা হয়। জামিনে মুক্ত থাকা আসামি আনিসুর রহমানও আদালতে উপস্থিত ছিলেন। অন্য ১৫ জন আসমি এখনো পলাতক। পলাতক আসামিদের বেশির ভাগই হুজির কেন্দ্রীয় নেতা।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০০ সালের ১৯ জুলাই রাতে কোটালীপাড়ায় তাঁর জনসভাস্থলের কাছে ৭৬ কেজি ওজনের একটি দূরনিয়ন্ত্রিত বোমা পুঁতে রাখা হয়, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন।২০০১ সালে সিআইডি প্রথমে ১২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। পরে অধিকতর তদন্ত শেষে ২০০৯ সালের ২৯ জুন আরও ১৩ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।চলতি বছরের সেপ্টেম্বর মাসে গোপালগঞ্জ আদালত থেকে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গত ১০ অক্টোবর মামলাটি গ্রহণ করেন। কিন্তু সাক্ষী না আসায় দুই দফায় সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো হলো। একই ঘটনায় দায়ের করা অন্য মামলারও একই দশা বলে আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।