সাক্ষী না আসায় নূর হোসেনের অস্ত্র মামলার নতুন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে তিন অস্ত্র মামলার নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। সাক্ষী না আসায় গতকাল বুধবার রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানায়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৩ এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ দেন।
এদিকে এর আগে নূর হোসেনকে বিভিন্ন মামলায় ডান্ডাবেড়ি, হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে আনা-নেওয়া হলেও গতকাল ডান্ডাবেড়ি পরানো হয়নি।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান বলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে অভিযোগ গঠনের পর তিন মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। গতকাল সেই ধার্য দিনে আদালতে কোনো সাক্ষী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানায়। আদালত আবেদন মঞ্জুর করে ১৩ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১৪ সালের এপ্রিল মাসে সাত খুনের ঘটনার পর এই মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতে পালিয়ে গেলে সরকার তাঁর বৈধ অস্ত্রগুলোর লাইসেন্স বাতিল করে। পরে তাঁর সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ট্রাইব্যুনালে নূর হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা করে। লাইসেন্স বাতিল হওয়ার পরও একটি অস্ত্র জমা না দেওয়া ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলাগুলো করা হয়।
এদিকে গতকাল সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে নুর হোসেনকে পায়ে ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে হাজির করা হয়। তবে হাতকড়া পরানো ছিল। ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পর থেকে বিভিন্ন মামলায় এ পর্যন্ত তাঁকে ডান্ডাবেড়ি, হাতকড়া ও মাথায় হেলমেট পরানো অবস্থায়ই আদালতে হাজির করা হয়েছে।
এ ব্যাপারে কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমার নজরে পড়েনি। তবে কারাগার থেকে যেভাবে পাঠানো হয়েছে, সেভাবেই আদালতে হাজির করা হয়েছে।’
নূর হোসেনকে ডান্ডাবেড়ি না পরিয়ে আদালতে হাজির করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাত খুনের দুটি মামলার বাদীপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘নূর হোসেনের বিরুদ্ধে অর্ধডজনের মতো মামলা বিচারাধীন। একটি মামলায় তাঁর এক বছরের কারাদণ্ড হয়েছে। অথচ তাঁর পায়ে ডান্ডাবেড়ি পরানো হয়নি। তাঁকে জামাই আদরে ভিআইপির মতো আদালতে হাজির করা হয়েছে। প্রশাসন তাঁকে বিশেষ সুবিধা দিচ্ছে।’