নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় গতকাল সোমবার শুনানি হয়নি। জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল-আমিনের আদালতে সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করা যায়নি।
আদালতে হাজির অভিযুক্ত তিন আসামির মধ্যে হুজি নেতা মুফতি আবদুল হান্নান ও নারায়ণগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাদাত উল্লাহ জুয়েলকে কারাগারে প্রেরণ এবং জামিনে থাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম ওরফে শকুর জামিন বহাল রেখেছেন আদালত।
মামলার সাক্ষী ও বাদী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, শহরের ৯৬ নম্বর উত্তর চাষাঢ়া এলাকার সুমন ও তারিক আউয়াল সাক্ষী দিতে আদালতে না আসায় শুনানি হয়নি।
আদালতের সরকারি কৌঁসুলি মো. আসাদুজ্জামান জানান, সাক্ষ্য গ্রহণের জন্য আদালত সমন দিয়ে মামলায় তিন সাক্ষীকে আদালতে হাজির হতে বললেও তাঁরা আসেননি। তাই সাক্ষ্য গ্রহণ হয়নি। আগামী ১২ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হন। ওই ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।