সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরে আজ বৃহস্পতিবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষীদের হাজির করতে প্রথমে সমন ও পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও হাজির করতে পারছে না পুলিশ। এ কারণে সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা করা হয়।
এদিকে মামলার আসামি শিবির নাছিরকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।