চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন ধার্য রাখা হলেও সাক্ষী হাজির করতে পারছে না পুলিশ।
গতকাল মঙ্গলবারও চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরে আজ বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। এর আগে গত রোব ও সোমবার দিন ধার্য থাকলেও সাক্ষ্য গ্রহণ হয়নি।
আগস্ট মাস থেকে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হলেও শুধু এক কার্য দিবসে বাদীর সাক্ষ্য হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান জানান, সাক্ষীদের হাজির করতে প্রথমে সমন ও পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাঁদের হাজির করতে পারছে না পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, সাক্ষীদের খোঁজে পুলিশ কাজ করছে।
১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা করা হয়।