চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ১০ কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া আলোচিত একটি হত্যা মামলায় সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। পরে আদালত সোমবার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে বলেন, সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ করা যায়নি।
১৯৯৬ সালের ৯ এপ্রিল মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবদল কর্মী আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে ১০ আসামির বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই সেলিম খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ২০০৩ সালে মামলাটি বিচারের জন্য এলেও উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশ ছিল মামলার কার্যক্রমে। পরে রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের আবেদন করা হলেও আদালত না নাকচ করে দেন।