মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের কৃষক আবদুর রহমান, তাঁর স্ত্রী রহিমা বেগম ও দেড় বছরের ছেলে খোকনের ওপর দুর্বৃত্তরা এসিড ছুড়েছিল ২০০০ সালে। ১০ বছর পর গতকাল বুধবার ওই মামলার রায়ে আসামিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান এ রায় দিয়েছেন।রায় ঘোষণার সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মস্পর্শী। কিন্তু ঘটনার কোনো প্রত্যক্ষ সাক্ষী না থাকায় আসামিদের বেকসুর খালাস দেওয়া হলো।’ মামলার বাদী রহিমা বেগম বলেন, ‘আমরা ন্যায়বিচার পেলাম না। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’ পুলিশের অসহযোগিতা এবং সাক্ষীর অভাবে অভিযুক্তরা বেকসুর খালাস পেয়েছেন বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২৯ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে এসিডে ঝলসে দেয় আবদুর রহমান, রহিমা বেগম এবং খোকনকে। এ সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন। কয়েক মাস চিকিৎসার পর রহিমা ও খোকন সুস্থ হয়ে উঠলেও রহমানের ডান কান নষ্ট হয়ে গেছে এবং ডান চোখের ঘা এখনো শুকায়নি। হারিয়ে ফেলেছেন কর্মক্ষমতা।এ ঘটনার ২৪ দিন পর মানিকগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রহিমা বেগম।২০০০ সালের ২৭ জুন তদন্ত কর্মকর্তা সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে আউলাদ খান ও আকতার খানকে অভিযোগ থেকে বাদ দিয়ে আবদুর রহমানের ভাই আজমত আলী ও লিয়াকত আলীকে অভিযুক্ত করেন।১০ বছরেরও বেশি সময় ধরে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে গতকাল মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান মামলার রায় ঘোষণা করেন। রায়ে তিনি আসামি এবারত খান, ইয়াদুল খান, আজমত আলী ও লিয়াকত আলীকে বেকসুর খালাস দেন। উল্লেখ্য, ঘটনার পর এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলোর সহায়ক তহবিল থেকে পরিবারটিকে এককালীন ৪০ হাজার টাকা আর্থিক সহয়তা দেওয়া হয়। এ ছাড়া ওই তহবিল থেকে এখন পর্যন্ত পরিবারটিকে প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।