সাক্ষী নেই, ঝুলে আছে ১৩০ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ১৩০টি মামলা ঝুলে আছে। এ পর্যন্ত এ আইনে দায়ের হওয়া একটি মামলাও নিষ্পত্তি হয়নি।

আইনজীবীরা বলছেন, মামলাগুলো ঝুলে থাকার কারণ রাষ্ট্রপক্ষের গাফিলতি। তবে রাষ্ট্রপক্ষ বলেছে, সাক্ষী হাজির না করায় মামলাগুলো এগোচ্ছে না। আর সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশের। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের নির্দেশনা অনুসারে সাক্ষী হাজির করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনের বিধান অনুযায়ী মামলা দায়ের ও তদন্ত, অভিযোগপত্র দাখিল এবং অভিযোগপত্র আমলে নেওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়।

এ আইনে হওয়া মামলাগুলোর অভিযোগপত্র দেওয়ার পর বিচার নিষ্পত্তির জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

গত বছর পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগ সূত্রে জানানো হয়েছিল, ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইন পাস হওয়ার পর রাজধানীর ৪০টি থানায় মোট ৩৬৫টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৫০টি মামলা হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও হিযবুত তাহ্‌রীরের বিরুদ্ধে। এসব মামলায় জেএমবির ১৫৩ জন ও হিযবুত তাহ্‌রীরের ২১৫ জনকে আসামি করা হয়েছে। বাকি ১৫ মামলার মধ্যে আটটি মামলা হয়েছে সাদেক হোসেন খোকা ও হাবিব উন নবী খানসহ বিএনপির ২৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে। জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ২৩ জনের বিরুদ্ধে হয়েছে চারটি এবং সাতজন পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

মহানগর দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, এ আদালতে এ পর্যন্ত ২৬২টি মামলা পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ১৩০টি মামলা বিচারাধীন আছে। চলতি বছরের গত ২৮ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে ১১৭টি মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। এর বাইরে গত ছয় মাসে আরও ১৫টি মামলার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু দাবি করেন, রাষ্ট্রপক্ষ সব সময় মামলা নিষ্পত্তি করতে তৎপর। তিনি বলেন, সাক্ষী না আসায় মামলার বিচারকাজ ঝুলে আছে। একের পর এক তারিখ পড়ছে। সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশের। তিনি বলেন, এ ছাড়া অনেক মামলায় অনুমোদনও আসেনি।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘তথ্য না জেনে কিছু বলতে পারব না। না জেনে কিছু মন্তব্য করা ঠিক হবে না।’

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ প্রথম আলোকে বলেন, এ মামলাগুলোর বিচার নিষ্পত্তির ক্ষেত্রে সরকারি কৌঁসুলিদের বিশেষভাবে
নজর দেওয়া উচিত। এ মামলাগুলোর জন্য আলাদা সেল গঠন করে নজরদারি করা উচিত।

তবে সন্ত্রাসবিরোধী আইনের একটি বিধানের সঙ্গে দ্বিমত পোষণ করে কাজী নজিবুল্লাহ বলেন, মামলার অভিযোগপত্র দেওয়ার পর আমলে নেওয়ার ক্ষমতা আদালতের। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বিধান স্ববিরোধী।

সন্ত্রাসবিরোধী আইনে বর্তমানে মোট কতটি মামলা আছে জানতে চাইলে পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে কতগুলো মামলা আছে, তা বলা সম্ভব নয়।’

পুলিশ সাক্ষী হাজির করে না, এমন অভিযোগ অস্বীকার করে মিরাশ উদ্দিন বলেন, আদালত থেকে সাক্ষী হাজির করার আদেশ পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। সাক্ষী হাজির করতে না পারলে আদালতে তারও ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে।