জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদসহ চারজনের বিরুদ্ধে করা বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগপত্রে থাকা সাক্ষ্য পরীক্ষার সুযোগ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনটি (লিভ টু আপিল) আগামী ২ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. নিজামুল হক আবেদনটি ওই দিন শুনানির জন্য পাঠান।
মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। ফলে সাক্ষী পরীক্ষায় সুযোগ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রইল।
বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে দুদকের করা এক আবেদন নিষ্পত্তি করে গত ২৪ নভেম্বর হাইকোর্ট মামলাটি যুক্তিতর্ক শুনানির পর্যায় থেকে প্রত্যাহার করে অভিযোগপত্রে থাকা সাক্ষ্য পরীক্ষার জন্য প্রসিকিউশনকে (দুদক) সুযোগ দিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতকে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৩১ মার্চের মধ্যে বিচার শেষ করতে নির্দেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে মামলার অপর আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ ওই আবেদন করেন, যা মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে ওঠে।
আইনজীবী সূত্র জানায়, ওই মামলার অভিযোগপত্রে প্রসিকিউশন (দুদক) পক্ষে ৩৮ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। পরে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এ অবস্থায় বাকিদের সাক্ষ্য নেওয়ার জন্য মামলার প্রক্রিয়াটি যুক্তিতর্ক পর্যায় থেকে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে নিতে বিচারিক আদালতে আবেদন করে দুদক, যা গত ৭ নভেম্বর খারিজ হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে দুদক। এই আবেদন নিষ্পত্তি করে ২৪ নভেম্বর হাইকোর্ট নির্দেশসহ আদেশ দেন।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো ওই মামলা করে।