সাক্ষী পরীক্ষার সুযোগের আদেশ আপাতত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদসহ চারজনের বিরুদ্ধে করা বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগপত্রে থাকা সাক্ষী পরীক্ষার সুযোগ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ আবেদনটি (লিভ টু আপিল) করেছিলেন।

এই আবেদন আগামী ২ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি নিজামুল হক আবেদনটি ওই দিন শুনানির জন্য পাঠান।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শামসুদ্দিন বাবুল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেননি আদালত। ফলে সাক্ষী পরীক্ষায় সুযোগ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ আপাতত বহাল রইল।

দুদকের করা এক আবেদন নিষ্পত্তি করে গত ২৪ নভেম্বর হাইকোর্ট মামলাটি যুক্তিতর্ক শুনানির পর্যায় থেকে প্রত্যাহার করে অভিযোগপত্রে থাকা সাক্ষ্য পরীক্ষার জন্য প্রসিকিউশনকে (দুদক) সুযোগ দিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতকে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৩১ মার্চের মধ্যে বিচার শেষ করতে নির্দেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে মামলার অপর আসামি সুলতান মাহমুদ আবেদনটি করেন।

আইনজীবী সূত্র বলেছে, ওই মামলার অভিযোগপত্রে প্রসিকিউশন (দুদক) পক্ষে ৩৮ জন সাক্ষী ছিল। এর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। পরে সাক্ষী সমাপ্ত করে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এ অবস্থায় বাকিদের সাক্ষী নেওয়ার জন্য যুক্তিতর্ক পর্যায় থেকে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে নিতে বিচারিক আদালতে আবেদন করে দুদক, যা গত ৭ নভেম্বর খারিজ হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে দুদক। এই আবেদন নিষ্পত্তি করে ২৪ নভেম্বর হাইকোর্ট নির্দেশসহ আদেশ দেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো ওই মামলা করে। এতে অভিযোগ করা হয়, এরশাদসহ অপর আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়ে থমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকার আর্থিক ক্ষতি হয়। তদন্ত শেষে ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে এরশাদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অন্য আসামিরা হলেন বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ, তৎকালীন সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা।