চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ১০ কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া আলোচিত একটি হত্যা মামলায় সাক্ষী ক্লোজের (বন্ধের) আবেদন নাকচ করেছেন আদালত।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ আদালতে এ আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। পরে আদালত সাক্ষ্য গ্রহণ চালু রাখতে ১২ অক্টোবর পরবর্তী দিন ধার্য রাখেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। তাঁদের সাক্ষ্য রাষ্ট্রের অনুকূলে না আসায় সাক্ষী ক্লোজড করতে আবেদন করা হয়েছে। আদালত তা নামঞ্জুর করেছেন।
১৯৯৬ সালের ৯ এপ্রিল মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবদল কর্মী আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ ১০ আসামির বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই সেলিম খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৩ সালে মামলাটি বিচারের জন্য এলেও উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশ ছিল মামলার কার্যক্রম।