সাক্ষী সুখরঞ্জনের সন্ধান চেয়ে রিট করা হবে: মাহবুব হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আইন অঙ্গন থেকে সাক্ষী ছিনিয়ে নেওয়ার নজির কোনো সভ্য দেশে নেই। দেশে ন্যূনতম আইনের শাসন থাকলে এ ধরনের ঘটনা ঘটত না। অনুমতি নিয়েই সাক্ষী সুখরঞ্জন বালীকে আদালতে আনা হচ্ছিল। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন। তিনি বলেন, ‘সুখরঞ্জন বালীর পরিবার ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। অচিরেই তাঁর সন্ধান চেয়ে হেবিয়াস করপাস (এক ধরনের রিট) করব।’ মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন—এ অভিযোগে সাঈদীর পক্ষের আইনজীবীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, রফিকুল ইসলাম মিয়া, আসামিপক্ষের প্রধান কৌঁসুলি আবদুর রাজ্জাক, নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, মিজানুল ইসলাম, ফাহিমা নাসরিন, তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম বলেন, ‘সুখরঞ্জন আমার সঙ্গে গাড়িতে করে আসছিলেন। পোশাকধারী লোকেরা তাঁকে আমার গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে নিয়ে যান। এ ঘটনায় জিডি করতে গেলেও পুলিশ জিডি নেয়নি।’