সাক্ষী সুরক্ষা আইন করতে সরকারকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নির্ধারিত দিনে সাক্ষীর উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন করার উদ্যোগ নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি হত্যা মামলার আসামির জামিনের আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। স্বরাষ্ট্র ও আইনসচিবকে সাক্ষী সুরক্ষার এ আইন প্রণয়নের উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে আরও বলা হয়, সমন পাওয়ার পরও সাক্ষী আদালতে হাজির না হলে এ জন্য সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলি ও পুলিশ কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনার বিষয়টি আইনে সংযুক্ত করার জন্য সরকারকে বিবেচনা করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, একটি হত্যা মামলায় দীর্ঘদিন ধরে একজন সাক্ষীও সাক্ষ্য দিতে যাননি। কয়েক দফায় সাক্ষীদের সমন দেওয়া এবং সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, জনৈক রিংকুকে গুলি করে হত্যার অভিযোগে ২০১০ সালের ১৪ জুন যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়। ওই বছরের ১০ জুলাই মামলার এক আসামি হীরা ওরফে হারুনকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১২ সালের ৫ জুন আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩-এ এই মামলার কার্যক্রম চলছে।
নথি থেকে আরও জানা যায়, অভিযোগ গঠনের পর থেকে এই মামলায় কয়েক দফায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। অথচ কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আদালতে হাজির হননি। এর ফলে বারবার সাক্ষ্য গ্রহণের দিন পেছানো হয়েছে। এ অবস্থায় আসামি হাইকোর্টে জামিনের আবেদন করেন। সাক্ষীরা কেন আদালতে হাজির হচ্ছেন না, তা জানতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি আসাদুজ্জামানকে ডাকেন হাইকোর্ট।
আসাদুজ্জামান গতকাল হাইকোর্টে হাজির হয়ে বলেন, আসামি এলাকায় খুব প্রভাবশালী। সাক্ষীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, এ জন্য বারবার সমন দেওয়া সত্ত্বেও সাক্ষী হাজির হচ্ছেন না।
হাইকোর্ট আসামি হীরার জামিন আবেদন খারিজ করেন এবং সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নিতে সরকারকে নির্দেশ দেন।