সাক্ষী সুরক্ষা আইন দ্রুত পাসের সুপারিশ সংসদীয় কমিটির
আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি দ্রুত সাক্ষী সুরক্ষা আইন পাসের জন্য মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই তাগিদ দেওয়া হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ বৈঠকে উপস্থিত না থাকায় এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো মতামত দেওয়া হয়নি।সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের বিচারে বাদীপক্ষের সাক্ষীদের বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া বৈঠকে জানান। সে জন্য তিনি সাক্ষী সুরক্ষা আইন দ্রুত পাস করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকের পর ফজলে রাব্বী মিয়া প্রথম আলোকে বলেন, ‘শুধু মানবতাবিরোধী অপরাধ কেন, যেকোনো ধরনের মামলায় সাক্ষীদের ভয়ভীতি দেখানো হয়। যে কারণে সাক্ষীদের অনেকে আদালতে হাজির হতে ভয় পান। সাক্ষীদের সুরক্ষা দিতে আইন কমিশন খসড়া একটি আইন করে তা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। কমিটি এই খসড়া আইন দ্রুত বিল আকারে সংসদে উত্থাপনের জন্য মন্ত্রণালয়কে বলেছে।’ ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য জিয়াউল হক মৃধা ও ফজিলাতুন নেসা অংশ নেন।