চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে দুই দশক আগে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার সাক্ষী হাজির না হওয়ায় জেরা করা হয়নি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে দুই সাক্ষীকে জেরার দিন ধার্য ছিল।
আ জ ম নাছির উদ্দিন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন। মামলার অন্য আসামিদের মধ্যে ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীও রয়েছেন। মেয়র নাছির ও সাংসদ নিজাম হাজারী গতকাল উপস্থিত না থাকায় তাঁদের আইনজীবীরা আদালতে সময়ের আবেদন করেন।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগের নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৯৪ সালে এ মামলায় আসামিরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন। ২০১৪ সালের ৯ মার্চ তা প্রত্যাহার হয়। একই সঙ্গে আট সাক্ষীকে জেরা শেষ করে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেন উচ্চ আদালত। আদেশটি গত মার্চ মাসে চট্টগ্রাম আদালতে এসে পৌঁছায়।
এ মামলায় ১ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন নেন নাছির। ৬ এপ্রিল মামলার বাদীকে আংশিক জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালতে পাঁচ সাক্ষীকে ইতিমধ্যে জেরা করা হয়েছে। জেরাকালে তাঁরা ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন। বাদীর দাবি, তৎকালীন বিএনপি সরকারের চাপে পড়ে মামলাটি দায়ের করেছিলেন তিনি।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম জানান, দুই সাক্ষী চিকিৎসক দিলীপ চক্রবর্তী ও পুলিশ কর্মকর্তা বি এম কামাল পাশাকে হাজির করতে সমন জারি করেছেন আদালত। তাঁরা হাজির না হওয়ায় মঙ্গলবার জেরা করতে পারেননি আসামিদের আইনজীবীরা। আজ বুধবারও জেরার দিন ধার্য রয়েছে।