সাক্ষীদের হাজির করতে না পারায় থমকে আছে চট্টগ্রাম আদালত ভবনে জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের বোমা হামলার হত্যা মামলার বিচার। জঙ্গিদের হামলায় নিহত পুলিশ কনস্টেবলের পরিবার ও ১০ পুলিশ পঙ্গু হয়ে আজও সেই বীভৎস স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। আজ শুক্রবার এই বোমা হামলার আট বছর পূর্ণ হবে। মামলার নথিতে দেখা গেছে, সাক্ষীরা না আসায় বিচারক এক আদেশে উল্লেখ করেন, ‘১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭১(২) ধারা অনুযায়ী সাক্ষীদের আদালতে হাজির করার দায়িত্ব পুলিশের। সাক্ষীর অভাবে মামলা প্রমাণ করা না গেলে দায়দায়িত্ব সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে বহন করতে হবে।’ বর্তমানে মামলাটি প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে বিচারাধীন। আট বছরে মাত্র ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মামলার নথিতে দেখা গেছে, বিচারক সাক্ষ্য গ্রহণের জন্য একের পর এক দিন ধার্য করলেও সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করতে পারছেন না। সর্বশেষ গত ৪ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষ্য গ্রহণ হয়নি। আদালত আগামী ১ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন। এ অবস্থায় থমকে আছে মামলাটির বিচার কার্যত্রক্রম। তাই বিচারক আদেশে সাক্ষীর অভাবে মামলা প্রমাণ করা না গেলে দায় দায়িত্ব পুলিশকেই বহন করতে হবে বলে উল্লেখ করেন গত ২১ জুলাই। দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হলেও ২০০৮ সালে সাক্ষীরা হাজির না হওয়ায় বর্তমান আদালতে ফেরত আসে।
২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেক পোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হলে পরের বছরের ১৮ মে ডিবির পরিদর্শক হ্লা চিং প্রু জেএমবির চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ ও বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম সুমনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন আদালতে। একই বছরের ৩ আগস্ট মামলাটির বিচার শুরু হয়। ৭৭ জন সাক্ষীর মধ্যে মাত্র ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। হাজির না হওয়া সাক্ষীদের অধিকাংশই পুলিশ, চিকিৎসক ও ঘটনার প্রত্যক্ষদর্শী। অতিরিক্ত মহানগর পিপি অশোক কুমার দাশ বলেন, সাক্ষীদের হাজির করতে বলা হলেও পুলিশ তাদের হাজির করতে পারছে না। এতে বিচার কার্যক্রম থমকে আছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিন জানান, বিচারক, আইনজীবী ও আদালত জঙ্গিদের টার্গেট। সুযোগ পেলে তারা ফের হামলা চালাতে পারে। তাই আদালতের নিরাপত্তা জোরদার করতে প্রশাসনকে বলা হয়েছে।