সাক্ষী হাজির না হওয়ায় থমকে আছে বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে যুবক খুনের চাঞ্চল্যকর মামলায় এক বছর ধরে কোনো সাক্ষী হাজির না হওয়ায় থমকে আছে বিচার। এ অবস্থায় নয় বছর ধরে বিচার ঝুলে থাকায় হতাশ নিহত ব্যক্তির স্বজনেরা। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলায় কোনো সাক্ষীকে হাজির করতে পারছে না পুলিশ। ফলে বিচার থমকে আছে।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, পুলিশসহ সাধারণ সাক্ষীদের ঠিকানায় না পাওয়ায় হাজির করা যাচ্ছে না। আগামী ধার্য দিনে হাজির করতে ওসিদের বলা হয়েছে।
নিহত ব্যক্তির পরিবার ও আদলত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৭ মার্চ তাজউদ্দিনকে ডেকে নিয়ে মাথায় ও গলায় গুলি করে হত্যা করে কর্ণফুলী নদীতে বস্তা ভর্তি করে ফেলে দেওয়ার সময় জনতার হাতে আটক হন আসামি সৌমিত্র বড়ুয়া। তিনি তাজউদ্দিনের বোনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন। এর প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে তাজউদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরের বছরের ১০ ডিসেম্বর পুলিশ সৌমিত্র ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এঁদের মধ্যে নাজিম উদ্দিন ঘটনার পর থেকে পলাতক।
২০০৬ সালের ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হওয়ার পর সাক্ষ্য শুরু হয়। মামলার ২৫ সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। কিন্তু ২০১২ সালের ২২ এপ্রিল আবদুর রহিম নামের একজন উপপরিদর্শক (এসআই) সাক্ষ্য নেওয়ার পর আর কোনো সাক্ষী হাজির না হওয়ায় থমকে আছে বিচার। বর্তমানে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহীদুল ইসলামের আদালতে মামলাটির বিচার চলছে।
সর্বশেষ ১৮ মার্চ দিন ধার্য থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় আদালত ২২ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন। এদিকে একের পর এক ধার্য দিনে সাক্ষী হাজির না হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে সাক্ষীর অভাবে অভিযোগ প্রমাণিত না হলে এর দায়ভার পুলিশকে বহন করতে হবে নথিতে আদেশে উল্লেখ করেন। মামলার বাদী নিহত ব্যক্তির বড় ভাই জাহাঙ্গীর উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে খুন করেন আসামিরা। নয় বছর পেরোলেও ভাই হত্যার বিচার পাইনি। এক বছর ধরে কোনো সাক্ষীকে হাজির করতে পারেনি পুলিশ।’