সাক্ষী হাজির না হওয়ায় বিচারকাজে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাক্ষীরা আদালতে হাজির হচ্ছেন না। ফলে মামলাটির বিচার কার্যক্রম চলছে ধীরগতিতে।
আদালতসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের ধার্য দিন ছিল। এই দিন আদালতে হাজির হতে গত ১৬ আগস্ট পাঁচজন সাক্ষীর বিরুদ্ধে সমন জারি করা হয়। এই পাঁচ সাক্ষী হলেন ঘিওর থানার কনস্টেবল মো. মিন্টু, তৎকালীন কনস্টেবল লিটন কাজী, উপপরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম ও শিবালয়ের বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম। ঘিওর থানার বর্তমান ওসিসহ সাক্ষীদের আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। ওই পাঁচ সাক্ষীর মধ্যে শুধু কনস্টেবল মিন্টু গতকাল আদালতে সাক্ষ্য দেন। এ নিয়ে চার বছরে ৩৯ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। ২৫ সেপ্টেম্বর আদালত মামলার পরবর্তী সাক্ষ্য শুনানির দিন ধার্য করেছেন।
ঘিওর থানার ওসি মিজানুর রহমান বলেন, সাক্ষীদের আদালতে হাজির করার বিষয়ে আদালতের কোনো নির্দেশ তিনি পাননি। তা ছাড়া যাঁদের সাক্ষী করা হয়েছে, তাঁরা অন্য এলাকায় রয়েছেন।
এর আগে গত ১৪ আগস্ট পাঁচজন সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করা হলেও সাক্ষ্য দেন তিনজন। বাকি দুজন সাক্ষীর মধ্যে ঘিওর ফায়ার স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা খন্দকার আবদুল হামিদ মারা গেছেন।
গতকাল সাক্ষ্যগ্রহণকালে রাষ্ট্রপক্ষে (বাদীপক্ষ) মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আফছারুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, সাক্ষীদের গরহাজিরার কারণে সাক্ষ্যগ্রহণ ধীরগতিতে চলছে। পরোয়ানা জারির পরও সাক্ষীরা যথাসময়ে আদালতে উপস্থিত হচ্ছেন না।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় থেকে মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ তাঁদের সহযাত্রীরা। দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় তাঁদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ মাইক্রোবাসে থাকা পাঁচজন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় ওই দিনই ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে বাসের চালক জামির হোসেনকে আসামি করে মামলা করেন।