চট্টগ্রামের আদালতে দুই বিচারকের এজলাসে জঙ্গিদের বোমা হামলার দুটি মামলায় সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরে আদালত আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। দুটি মামলায় সর্বশেষ ২০১১ সালের ২৭ জুন ও ২০১০ সালের ১৬ মার্চ সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। এরপর ধার্য দিনে একজন সাক্ষীও হাজির হননি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত চট্টগ্রাম মহানগর পিপি আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সমন জারির পর সাক্ষীরা হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু সাক্ষীদের পুলিশ হাজির করতে পারছে না। আগামী ধার্য দিনে হাজির করতে আবারও পুলিশকে বলা হবে।’
জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, পরোয়ানায় থাকা ঠিকানায় সাক্ষীদের পাওয়া যাচ্ছে না। এর পরও সংশ্লিষ্ট থানার ওসিদের বলা হয়েছে তাদের খুঁজে বের করতে।
২০০৫ সালের ৩ অক্টোবর চট্টগ্রাম আদালতের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেন এবং মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে জেএমবি জঙ্গিরা বোমা হামলা চালায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।