সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরে আদালত ৮ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
এদিকে এই মামলার আসামি আবদুল কুদ্দুস আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। মামলার আসামি আবদুল কুদ্দুস জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান আদালত।
পুলিশ জানায়, মামলার আসামি শিবির নাছিরকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে বিকেলে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে তাঁর ভাই আজিজ উদ্দিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। ২০০৩ সালের ২৫ আগস্ট মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত ছিল। গত সোমবার মামলার কার্যক্রম শুরু হয়।