সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলার সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে এ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। পরে আদালত আগামী ২ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন।

গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় মাহমুদা খানমকে। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান মামলাটি তদন্ত করছেন। মাহমুদা হত্যার তিন সপ্তাহ পর গত বছরের ২৭ জুন নগরের বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করা হয়। হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি পাওয়া যায় মনির হোসেন নামের আরেক ব্যক্তির কাছে। তাঁর কাছে অস্ত্র রাখেন ভোলা। পরে এই দুজনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়। তদন্ত শেষে গত বছরের ২৮ জুলাই অস্ত্র মামলায় তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর গত ২২ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। চলতি বছরের গত ১৮ জানুয়ারি এই মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আগামী ধার্য দিনে সাক্ষীদের হাজির করতে পুলিশকে বলা হয়েছে। মামলায় ১২ জন সাক্ষীর মধে৵ তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।