জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষকে আজ বৃহস্পতিবার সাক্ষী হাজির করতে শেষ সুযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।আসামিপক্ষ দুই দফায় সাক্ষী হাজির করতে না পারায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার আরেক দিন সুযোগ দিয়ে সাক্ষ্য গ্রহণের জন্য আজ দিন ধার্য করেন।১৮ মার্চ আসামিপক্ষকে সাক্ষী হাজিরের জন্য প্রথম দফায় সময় দেওয়া হয়। গতকাল কামারুজ্জামানের পক্ষে পঞ্চম ও শেষ সাক্ষীকে হাজিরের জন্য দ্বিতীয় দফায় দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম গতকাল ট্রাইব্যুনালকে বলেন, হরতালের কারণে সাক্ষীকে ঢাকায় আনা সম্ভব হয়নি। এ জন্য সময় দরকার।ট্রাইব্যুনাল বলেন, সাক্ষী তো শেরপুরের, ঢাকা থেকে শেরপুর বেশি দূরে নয়। বৃহস্পতিবার (আজ) সাক্ষীকে হাজির করতে না পারলে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হবে।এ মামলায় আসামিপক্ষের চতুর্থ সাক্ষী ছিলেন কামারুজ্জামানের বড় ভাই কফিল উদ্দিন। তিনি সাক্ষ্য দেওয়া শেষ করেন ১৩ মার্চ। পঞ্চম সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ মার্চ দিন ধার্য করা হয়। কিন্তু ওই দিন বিএনপির ডাকা হরতালের প্রথম দিনে ‘অনিবার্য কারণে’ আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা ও সাক্ষী ট্রাইব্যুনালে যাননি। আসামিপক্ষের একজন সহযোগী আইনজীবী সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল বুধবার দিন ধার্য করে বলেন, ওই দিন সাক্ষী হাজির করতে না পারলে যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হবে। তবে গতকালও সাক্ষী হাজির হননি।