সাক্ষীকে না জানিয়েই অভিযোগপত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপির সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারসহ আট নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার সাক্ষীদের অভিযোগ, পুলিশ তাঁদের সাক্ষ্য না নিয়ে, তাঁদের সঙ্গে কোনো কথা না বলেই অভিযোগপত্র দিয়েছে। আর আসামিদের অভিযোগ, পুলিশ মিথ্যা মামলায় মনগড়া অভিযোগপত্র দিয়েছে।
ওই মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার বেলা ১১টার দিকে বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসভবনে সংবাদ সম্মেলন করেন শহিদুল আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ সাড়ে চার বছর পর ৬ আগস্ট তিনি বাউফলে আসেন। তাঁর এই আগমনকে বাধাগ্রস্ত করতে বিরোধী শিবিরের উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কামরুজ্জামান ওরফে বাচ্চুর বাসভবনে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের নাটক সাজানো হয়। ওই নাটকের ঘটনায় ৪ আগস্ট তিনিসহ বিএনপির আট নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি ও চুন্নু নামের আরেক ব্যক্তি একটি চাঁদাবাজির মামলা করেন। এর মধ্যে কামরুজ্জামানের করা দ্রুত বিচার আইনের মামলায় সাক্ষী করা হয় স্থানীয় ছয় ব্যক্তিকে। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ও বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইনুল ইসলাম সাক্ষীদের সঙ্গে কথা না বলেই বাদীর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে এজাহারে উল্লেখ সব আসামির বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া বক্তব্য লিখে অভিযোগপত্র তৈরি করেন। ১৮ আগস্ট ওই অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।
দুটি মামলা প্রত্যাহার এবং ওই অভিযোগপত্র দেওয়ার ঘটনা সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানান শহিদুল।
সংবাদ সম্মেলনে মামলার সাক্ষী আবদুল মন্নান বলেন, ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তিনি কিছুই জানেন না। অথচ পুলিশ তাঁর কাছ থেকে সাক্ষ্য না নিয়েই অভিযোগপত্রে উল্লেখ করেছে, সাক্ষীরা ঘটনার সময় উপস্থিত ছিল এবং আসামিদের চিনতে পেরেছে। এ ঘটনার প্রতিবাদে তিনিসহ বাকি সাক্ষীরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তার বিভাগীয় শাস্তির দাবি জানান মন্নান।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের করলেও তিনি ফোন ধরেননি।
যোগাযোগ করা হলে পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গনি বলেন, সাক্ষীদের সঙ্গে কথা না বলে অভিযোগপত্র দেওয়ার বিধান নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।