সাক্ষীকে মারধরের ঘটনায় তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী রিকশাচালক রিপন সরদারের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, কোতোয়ালি থানার ওসিকে এ ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপকমিশনার আরও বলেন, গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ বিশ্বজিৎ হত্যা মামলায় রিপনের সাক্ষ্য ছিল না। তাহলে তিনি কেন শরীয়তপুর থেকে ঢাকায় এলেন এবং হামলার পেছনে অন্য কিছু আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
জানতে চাইলে গতকাল রিপন প্রথম আলোকে বলেন, বিচারিক আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাঁকে সাক্ষ্য-জেরায় অংশ নিতে ঢাকায় আসতে বলেছেন। সে কারণে তিনি শনিবার ভোরে লঞ্চযোগে ঢাকার সদরঘাটে পৌঁছান। এরপর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে পুলিশের পোশাকধারী তিনজন তাঁর পথ রোধ করেন। তাঁদের মধ্যে পুলিশের এক সদস্য বিশ্বজিৎ হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার কথা তুলে রিপনকে মারধর করেন এবং তাঁর কাছে থাকা ৪০০ টাকা ছিনিয়ে নেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলাম জানান, গতকাল দুপুরে আদালতে রিপনের সঙ্গে তাঁর কথা হয়েছে। রিপন তাঁর কাছেও একই অভিযোগ করেছেন।