সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার অন্যতম সাক্ষীকে একটি হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই সাক্ষীর নাম মোস্তফা কামাল। খোঁজ নিয়ে জানা গেছে, মোস্তফা কামাল নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। বাড়ির আসল মালিক পাকিস্তানি নাগরিক আবদুস সাত্তার আদমজী ছিলেন বলে জানা গেছে। পরে এই বাড়িটি বরাদ্দ নেন জাফর আহমদ (৭৬), যিনি বেশির ভাগ সময় লন্ডন থাকতেন। সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী হওয়ায় মোস্তফা কামালের বিরোধ দেখা দেয় জাফর আহমদের। ৫ জুলাই জাফর আহমদ ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান। মৃত্যুর আগে তাঁর ওপর হামলা চালানো হয় বলে পরিবার থেকে অভিযোগ করা হয়। আর এই হামলার জন্য দায়ী করা হচ্ছে মোস্তফা কামালকে। জাফরের মৃত্যুর ঘটনায় তাঁর ছেলে সাজ্জাদ ফেরদৌস আহমদ গতকাল শনিবার দুপুরে পাঁচলাইশ থানায় এজাহার দেন। এর আগে একই থানায় এ-সংক্রান্ত সাধারণ ডায়েরি করা হয়। জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা পায়নি। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘জাফর আহমদ গত ২০ জুন ষোলশহর শেখ ফরিদ মার্কেটের দেয়ালে সাঁটানো পত্রিকা পড়ার সময় হঠাৎ নিচে পড়ে যান। পরে তাঁর মুঠোফোন থেকে পরিচিত এক ব্যক্তিকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলা হয়। ওই ভদ্রলোক ঘটনাস্থলে এসে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় জাফর আহমদ মারা যান।’ ওসি আলমগীর আরও বলেন, ‘জিডির ভিত্তিতে তদন্ত করে আমরা জাফর সাহেব সম্পর্কে এসব তথ্য পাই, যেখানে তাঁর ওপর হামলার ঘটনা সত্য নয়। আবার একই বিষয়ে হত্যা মামলা দিতে আসা দুঃখজনক। আর যাঁরা জাফর আহমদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন, তাঁদের বক্তব্য নথিভুক্ত করে রেখেছি।’ জাফর আহমদের ছেলে সাজ্জাদ ফেরদৌস আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথম আলোর পরিচয় শুনে তিনি সংযোগ কেটে দেন। পরে আরও কয়েক দফা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, মোস্তফা কামাল বছর চারেক আগে জাফর আহমদের বাসা ভাড়া নেন। সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলার সাক্ষী হওয়ায় জাফর আহমদ ক্ষুব্ধ হন। তাই গত ২৯ মার্চ মোস্তফা কামালকে বাড়ি ছাড়ার নোটিশ দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় মোস্তফা কামাল পাঁচলাইশ থানায় গত ৩০ মার্চ ও ২৪ মে পৃথক দুটি জিডি করেন।মোস্তফা কামাল বলেন, ‘সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলার সাক্ষী হওয়ায় জাফর সাহেব আমার ওপর ক্ষুব্ধ হন। তাই আমি দুই দফায় থানায় জিডি করেছি। আর ২০ জুন যে হামলার কথা বলা হচ্ছে, ওইদিন সকাল আটটা বিশ মিনিটে বিমানে আমি ঢাকায় যাই। টানা দুই সপ্তাহ আমি ঢাকায় ছিলাম। হঠাৎ করে আমার বিরুদ্ধে আজগুবি অভিযোগ এনে হয়রানি করতে চাচ্ছে ওরা।’ মোস্তফা কামাল আরও বলেন, ‘এই বাড়ি পাকিস্তানি নাগরিকের ছিল। মুক্তিযোদ্ধা না হয়ে জাফর সাহেব বাড়িটি নিজের নামে লিখিয়ে নেন রহস্যজনকভাবে। এ কারণে এ ব্যাপারে হাইকোর্টে একটি রিট মামলা হয়েছে।’রিট মামলার বাদী মুক্তিযোদ্ধা এনামুল হক বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীসহ মুক্তিযুদ্ধবিরোধীদের সঙ্গে জাফর আহমদের যোগাযোগ ছিল। পাকিস্তানিদের ফেলে যাওয়া সম্পত্তির মালিক সরকার। জাফর সাহেব কীভাবে এই বাড়িটি বরাদ্দ নিয়েছেন সে ব্যাপারে আমি হাইকোর্টে রিট করি। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কেন এই বাড়ি উদ্ধার করা হবে না এবং এটি পরিত্যক্ত কি না—এই মর্মে সরকারের কাছে জবাব চেয়েছেন।’