সাক্ষীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের তুষার মোড়ল (২৮) হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এই আদেশ দেন।
হত্যাকাণ্ডের দীর্ঘ ১৯ বছর পর গতকাল ওই রায় ঘোষণা করা হলো। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। এ ছাড়া মামলা চলাকালে বিভিন্ন সময়ে এজাহারভুক্ত তিন আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ও প্রতিপক্ষের হামলায় নিহত হন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জেলার ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখ, একই গ্রামের কাশেম শেখ ও যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিপাড়া কাজীপাড়া গ্রামের ইমাদুল ইসলাম ওরফে লিটন। এঁদের মধ্যে লিয়াকত শেখ রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। অন্য দুজন মামলা চলাকালে আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে আছেন।
এজাহারের বিবরণ অনুযায়ী, তুষার মোড়ল ১৯৯৬ সালের ২২ মে ডহর মৌভোগ গ্রামে স্থানীয় পুলিশ ফাঁড়ির এক কনস্টেবলসহ জোড়া খুনের মামলার সাক্ষী ছিলেন। কথিত চরমপন্থীরা ওই জোড়া খুন করে বলে মামলায় উল্লেখ করা হয়। ওই বছরের ২ সেপ্টেম্বর রাতে ফকিরহাট উপজেলার মানসা বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তুষারের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। তারা তুষারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এরপর নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) নামে স্লোগান দিয়ে এলাকা ত্যাগ করছিল তারা। তখন স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে লিয়াকত শেখকে আটক করে।
এ ঘটনায় নিহত তুষারের বড় ভাই ও নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার মোড়ল পরদিন ফকিরহাট থানায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। ১৯৯৯ সালের ৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মোহম্মদ আলী। আসামি পক্ষে ছিলেন জাহীদ হোসেন ও আবদুর রাজ্জাক।