গোপালগঞ্জে ৪০ বছর আগে দায়ের করা চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার সাক্ষী মন্টু লাল কর্মকারকে আসামিরা হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে নিহত মুক্তিযোদ্ধা কমলেশ বেদজ্ঞের মেয়ে সুতপা বেদজ্ঞ গত সোমবার ঘটনার বর্ণনা দিয়ে কোটালীপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ১৭ মার্চ সকালে কোটালীপাড়া উপজেলার বান্দল গ্রামে গিয়ে মামলার প্রধান আসামি হেমায়েত উদ্দিন ও সামচুল হক সাক্ষী মন্টু লাল কর্মকারকে তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য না দেওয়ার জন্য প্রথমে অর্থের প্রস্তাব দেন। পরে তাঁরা মন্টু লালকে ভয়ভীতি দেখান। এ কারণে মন্টু লাল পরদিন গোপালগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে হাজির হননি। বাদীপক্ষের আইনজীবী আদালতকে লিখিতভাবে অবহিত করেন। আদালত এ ব্যাপারে থানায় জিডি করার নির্দেশ দেন। এরপর সুতপা বেদজ্ঞ কোটালিপাড়া থানায় জিডি করেন।১৯৭৩ সালের ১০ মার্চ কোটালীপাড়া উপজেলা থেকে গোপালগঞ্জ ফেরার পথে টুপুরিয়া নামক এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন মুক্তিযুদ্ধের ৮ ও ৯ নম্বর সেক্টরের প্রধান সমন্বয়কারী ওয়ালিউর রহমান, ন্যাপের নেতা কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউনিয়নের নেতা বিষ্ণুপদ ও মানিক।