ভারতের কোচবিহারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আঞ্চলিক সদর দপ্তরে গঠিত বিশেষ আদালতে গতকাল মঙ্গলবারও চলে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যাকাণ্ডের পুনর্বিচার। তবে সাক্ষীদের উপস্থিতি ছাড়াই চলছে এই বিচার। যদিও বাংলাদেশ থেকে সাক্ষ্য দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছেন চারজন।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ফেলানী হত্যার পুনর্বিচারের কাজ গত সোমবার শুরু হয়েছে কোচবিহারে। আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য তিনিসহ চারজন সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। অন্যরা হলেন ফেলানীর বাবা নুর ইসলাম, মামা আবদুল হানিফ ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন। সাক্ষ্য দিতে যাওয়ার ব্যাপারে আদালতের নির্দেশের অপেক্ষায় আছেন তাঁরা।
বিজিবির অধিনায়ক মোফাজ্জল হোসেন জানান, সোমবার বিএসএফের ১৮১ ব্যাটালিয়নের অধিনায়ক বাদলা সিং ফোনে বলেন, ‘আপনারা অপেক্ষা করেন, আদালত যখন সাক্ষীর প্রয়োজন মনে করবে তখন ডাকবে।’
গতকাল দুপুর ১২টায় বিএসএফ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত আদালতের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের চৌধুরীহাট সীমান্তের ৯৪৭ নম্বর পিলারের কাছে ফেলানী হত্যার স্থান পরিদর্শন করে।
ওদিকে ফেলানীর বাবা নুর ইসলাম দ্বিতীয় দফায় বিচারকাজ শুরু করাকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমি মাইয়া হত্যার বিচার চাই। তা হইলে আমার আত্মা শান্তি পাইব। আমার একটাই চাওয়া, খুনি বিএসএফ সদস্য অমিয় ঘোষের ফাঁসি।’
২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী তার বাবার সঙ্গে ভারত থেকে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত অতিক্রম করে বাড়ি ফেরছিল। এ সময় বিএসএফ সদস্যের গুলিতে প্রাণ হারায় ফেলানী। হত্যার পর সীমান্তের কাঁটাতারের বেড়ায় কয়েক ঘণ্টা ঝুলে ছিল লাশ। এ ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিন্দার ঝড় তোলে। আন্তর্জাতিক পরিসরেও শুরু হয় সমালোচনা।
পরে ২০১৩ সালের ১৩ আগস্ট ওই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম শুরু হয়। বিশেষ আদালতে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন ফেলানীর বাবা ও মামা। কিন্তু ওই বছর ৬ সেপ্টেম্বর আদালত অমিয়কে বেকসুর খালাস দেন। এরপর ফেলানীর পরিবার ও বাংলাদেশের সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনর্বিচারের সিদ্ধান্ত নেয় বিএসএফ কর্তৃপক্ষ।