সাক্ষীদের ছাড়াই বিচার কার্যক্রম অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানীর কবরের পাশে দাঁড়িয়ে তার মা জাহানারা বেগম। তাঁর এখন একটাই চাওয়া—মেয়ে হত্যার ন্যায়বিচার। গত মঙ্গলবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফেলানীদের বাড়ি থেকে তোলা ছবি l প্রথম আলো
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানীর কবরের পাশে দাঁড়িয়ে তার মা জাহানারা বেগম। তাঁর এখন একটাই চাওয়া—মেয়ে হত্যার ন্যায়বিচার। গত মঙ্গলবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফেলানীদের বাড়ি থেকে তোলা ছবি l প্রথম আলো

কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার পুনর্বিচারের তৃতীয় দিনও গতকাল বুধবার তার পরিবারের সদস্যদের ছাড়াই শেষ হয়েছে। তবে দু-তিন দিনের মধ্যে ফেলানীর বাবা ও মামা এই মামলায় সাক্ষ্য দিতে ভারতে যেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত সোমবার ভারতের কোচবিহারের বিএসএফ সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের স্পেশাল সিকিউরিটি ফোর্স কোর্টে এ বিচারকাজ শুরু হয়। বিচারের অংশ হিসেবে পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে বিশেষ আদালতের একটি প্রতিনিধিদল।
ফেলানীর বাবা নুর ইসলাম ও মামা আবু হানিফকে গতকাল কুড়িগ্রাম বিজিবি সদর দপ্তরে ডেকে পাঠানো হয়।ফেলানী হত্যা মামলা পুনর্বিচারের নির্দেশ সেখানে আরও উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন ও কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, ফেলানীর বাবা ও মামাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যেকোনো মুহূর্তে তাঁদের সাক্ষ্য দিতে ভারতে যেতে হতে পারে।
আব্রাহাম লিংকন বলেন, ভারতীয় কর্তৃপক্ষের আমন্ত্রণে বিচার কার্যক্রমে অংশ নিতে তাঁরা প্রস্তুতি নিয়েছেন। এর অংশ হিসেবে ফেলানীর বাবা ও মামাকে ডেকে আইনগত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে দু-তিন দিনের মধ্যে ভারতে যেতে হবে।
বিজিবির সদর দপ্তর থেকে ফিরে ফেলানীর বাবা বলেন, ‘প্রথম দফার বিচার ছিল প্রহসনের। আমি এ দফায় ন্যায়বিচার চাই।’ ফেলানীর মামা বলেন, ‘অমিয় ঘোষের বিচার হলে ফেলানীর আত্মা শান্তি পাবে।’
গত মঙ্গলবার ফেলানীদের বাড়িতে গেলে তার মা জাহানারা বেগম বলেন, ‘যে আমার মাইয়ারে পাখির মতো গুলি কইরা মারছে, হেই অমিয় ঘোষের ফাঁসি চাই।’
২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী তার বাবার সঙ্গে ভারত থেকে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়ি ফেরার পথে বিএসএফের গুলিতে নিহত হয়। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর ভারতের বিশেষ আদালত অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন। এর প্রাতিবাদে মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়ে ওঠে। বাংলাদেশ সরকারও এর প্রতিবাদ জানায়। এর পরিপ্রেক্ষিতে পুনর্বিচার শুরু হয়েছে।

আরও পড়ুন