সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনা তদন্তে গঠিত কমিটিসহ বিবাদীদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আগামী ৪ জুন আদালতে দাখিল করতে বলেছেন হাইকোর্ট৷ গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। শুনানিকালে আদালত বলেছেন, ওই ঘটনার সাক্ষীরা যাতে নির্বিঘ্নে সাক্ষ্য দিতে পারেন, তাঁরা যেন ভয়মুক্ত পরিবেশে নিরাপদে সাক্ষী দিতে পারেন তা নিশ্চিত করতে হবে৷
নারায়ণগঞ্জে ওই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে ৫ মে একই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছিলেন৷ এ নির্দেশনা অনুসারে গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটিসহ বিবাদীদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করেন৷ সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক৷
জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পক্ষে পাঠানো পৃথক প্রতিবেদন পর্যায়ক্রমে আদালতে তুলে ধরেন ও পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল৷ পরে আদালত ৪ জুন পরবর্তী দিন ধার্য করেন৷
তদন্ত কমিটি গঠন ও কার্যক্রমের বর্ণনা তুলে ধরে মাহবুবে আলম বলেন, এজাহারকারী, নিহতদের নিকটাত্মীয়সহ ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে৷ মামলার আলামত পরিদর্শন ও গণশুনানির আয়োজন করা হয়েছে৷ প্রতিবেদনে তদন্ত শেষ করতে চার সপ্তাহ সময় চাওয়া হয়৷ আদালত বলেন, আমরা আদেশে কোনো সময়সীমা বেঁধে িদইনি৷
এর আগে আইজিপি ও র্যাবের ডিজির পক্ষে প্রতিবেদন দাখিল করা হয়৷ উত্থাপিত অভিযোগ তদন্তে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে ও তদন্ত চলমান আছে বলে র্যাব মহাপরিচালকের প্রতিবেদনে বলা হয়৷ পুলিশের আইজির প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও সাক্ষীদের নিরাপত্তায় সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি সাদাপোশাকের পুলিশ তদারকি অব্যাহত রেখেছে বলা হয়৷
সিআইডির প্রতিবেদনে কয়েকজন আসামিকে গ্রেপ্তার, আলামত জব্দ ও উদ্ধারকৃত গাড়ির পরীক্ষার বিষয় তুলে ধরে বলা হয়, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে৷ এতে ওই এলাকার আশপাশের লোকজন কিছুটা আতঙ্কগ্রস্ত বলা হয়৷
এ বিষয়টি অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করে আদালত বলেন, প্রতিবেদনে আতঙ্কগ্রস্ত বলা হয়েছে৷ কিন্তু আতঙ্ক দূর করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা সুপারিশ কী তা বলা হয়নি৷ স্থানীয় লোকজন যদি আতঙ্কে থাকেন তাহলে তাঁরা সাক্ষ্য দেবেন কীভাবে? এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, কোর্ট প্রাঙ্গণে একটি বোমার বিস্ফোরণ হলে আমরাও আতঙ্কিত হব৷ আদালত বলেন, ওই ঘটনার সাক্ষীরা যাতে নির্বিঘ্নে সাক্ষ্য দিতে পারেন, তাঁরা যেন ভয়মুক্ত পরিবেশে নিরাপদে সাক্ষী দিতে পারেন তা নিশ্চিত করতে হবে৷
সম্প্রতি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক লে. কর্নেল জিয়াউল আহসানের একটি সাক্ষাৎকার একটি জাতীয় দৈনিকে ছাপা হয়৷ সাক্ষাৎকারে বলা হয়, সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন এখন কলকাতায় অবস্থান করছেন। ঘটনার তিন দিন পর তিনি ভারতে পালিয়ে গেছেন৷ তাঁকে গ্রেপ্তার করতে পারলেই সব রহস্য উন্মোচিত হবে৷ নজরুল ইসলামের শ্বশুর শহীদ চেয়ারম্যান এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷
সাক্ষাৎকারের এই অংশবিশেষ তুলে ধরে বেঞ্চের এক বিচারপতি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেন, ঘটনা উন্মোচিত করার দায়িত্ব তাঁর নয়৷ সুস্পষ্ট আদেশ রয়েছে, এ হত্যাকাণ্ডের তদন্তের সঙ্গে র্যাব কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবে না৷ কিন্তু নজরুলের শ্বশুর ঘটনার সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে৷ এটা আদালত অবমাননার শামিল৷ এটা একধরনের পরোক্ষ হুমকি৷ শহীদ চেয়ারম্যানই প্রথমে সাহস করে বক্তব্য দিয়েছেন৷
অ্যাটর্নি জেনারেল বলেন, ডিবি ও সিআইডি তদন্ত করছে৷ আদালত বলেন, র্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ভাবমূর্তির স্বার্থে নারায়ণগঞ্জে এখন র্যাবের তৎপরতা না থাকলে কী হবে? আদালত আরও বলেন, র্যাবের দু-একজন খারাপ হয়ে গেলে গোটা বাহিনী কি খারাপ হয়ে যাবে ? বিচার বিভাগের দু-একজন বা সাংবাদিকদের দু-একজন খারাপ হলে পেশার সবাই কি খারাপ হয়ে যাবে ? বিষয়টি তা নয়৷ এ জন্য আদেশ দেওয়ার সময় আমরা শব্দচয়নে সচেতন ছিলাম৷ কারণ একজন ব্যক্তির জন্য পুরো বাহিনীকে দায়ী করা ঠিক হবে না।
অবসরে পাঠানো তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়ে হাইকোর্টের অপর এক বেঞ্চের অন্তর্বর্তী আদেশ উপস্থাপন করেন রিট আবেদনকারীদের আইনজীবী সুব্রত চৌধুরী৷ এর বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷ অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে আদালত বলেন, আপনাদের কিছু বলার থাকলে ওই বেঞ্চে যান বা আপিল বিভাগে যান৷ পরে আইনজীবী সুব্রত চৌধুরী আদেশটি পড়ে শোনান৷ আদালত বিষয়টি নথিভুক্ত করার কথা বলেন৷
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ মে হাইকোর্টের অপর বেঞ্চ অবসরে পাঠানো তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছিলেন৷