সাক্ষীদের নিরাপত্তায় আইন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে যাঁরা সাক্ষ্য দিচ্ছেন, তাঁদের অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার যদি নিরাপত্তার ব্যবস্থা করতে না পারে, তবে তাঁরা সাক্ষ্য না-ও দিতে পারেন। সাক্ষীদের নিরাপত্তার জন্য শিগগিরই সাক্ষী নিরাপত্তা আইন করতে হবে।গতকাল সোমবার ‘গণহত্যা, যুদ্ধাপরাধ এবং বিচার: আন্তর্জাতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন। এ প্রসঙ্গে ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী গোলাম আরিফ বলেছেন, ‘এ বিষয়ে একটি আইন প্রণয়নে কথাবার্তা চলছে। দেখা যাক, কী হয়!’রাজধানীর বিলিয়া মিলনায়তনে এ সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্প্রীতি ফোরাম ও একাত্তরের গণস্বাক্ষর দল। সভায় বক্তারা বলেন, জানুয়ারির মধ্যেই যুদ্ধাপরাধের বিচারকাজ শুরু করতে হবে। এর প্রস্তুতি হিসেবে যা কিছু করা প্রয়োজন, তা জানুয়ারির প্রথম সপ্তাহেই শেষ করতে হবে।সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চের আহ্বায়ক শাহরিয়ার কবির বলেন, ‘যুদ্ধাপরাধের ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে আমি ঘুরেছি, সাক্ষীদের সঙ্গে কথা বলেছি। সাক্ষীদের একটাই প্রশ্ন, এই সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, নিজামীদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য দেব, আমাদের নিরাপত্তা কে দেবে?’ তিনি আরও বলেন, সাক্ষীদের নিরাপত্তার জন্য নিরাপত্তা আইন তৈরির বিষয়ে আইনমন্ত্রী কথা দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।শাহরিয়ার কবির বলেন, ট্রাইব্যুনালে সরকারের একটি দপ্তর থাকবে। সরকারি কর্মকর্তারা সেখানে বসবেন। তাহলে ট্রাইব্যুনাল স্বাধীন হলো কীভাবে। সরকারের মন্ত্রী ও নীতিনির্ধারকদের অপ্রয়োজনীয় বক্তব্যের কারণে ট্রাইব্যুনাল সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য করে শাহরিয়ার কবির বলেন, দয়া করে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম সম্পর্কে কোনো কথা বলবেন না। ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে কাজ করতে দিন।শাহরিয়ার কবির বলেন, একজন গানম্যান দিয়ে ট্রাইব্যুনালের সদস্য ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। ট্রাইব্যুনালের পুরো ভবনে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। গণহত্যার যত তথ্যপ্রমাণ দেশে আছে, তার চেয়ে বেশি আছে বিদেশে। বিশেষ করে বিদেশি সাংবাদিকদের কাছে। তবে এসব তথ্যপ্রমাণ সংগ্রহে সরকারের কার্যকর কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে না। এ জন্য ট্রাইব্যুনালের একটি শক্তিশালী গবেষণা সেল থাকা প্রয়োজন।গোলাম আরিফ বলেন, তদন্ত সংস্থার সদস্যদের মধ্যে পাক্ষিক আলোচনা হয়। কিন্তু তার পরও কিছু সমস্যা থেকেই যাচ্ছে। তবে যেসব ত্রুটি-বিচ্যুতি হচ্ছে, সেগুলো শিগগিরই কাটিয়ে উঠতে চেষ্টা চলছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সততা ও স্বচ্ছতার সঙ্গে করা হবে।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী বলেন, সবাই যুদ্ধাপরাধীদের বিচার আশা করছে, এখন তা করে দেখাতে হবে। এই বিচারকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একটি ‘সামাজিক ঘৃণা’ হিসেবে প্রচার করতে হবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেরদৌসী প্রিয়ভাষিণী, এ বি এম নাসির ও নুজহাত চৌধুরী। অনুষ্ঠান শেষে নুরেমবার্গ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ বিচার-কার্যক্রম নিয়ে একটি প্রমাণ্যচিত্র দেখানো হয়।