একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী মোস্তফা হাওলাদারকে হত্যার পর সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক সাক্ষীর অভিযোগ, তাঁরা মৃত্যুর ঝুঁকি নিয়ে সাক্ষ্য দিলেও সরকার তাঁদের নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা নেয়নি।
তবে মোস্তফা হত্যাকাণ্ডের পর মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের নিরাপত্তা জোরদার করতে ১২ জেলার প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) চিঠি দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত জেলা কমিটির আহ্বায়ককে বিষয়টি তদারক করতে বলা হবে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত চিঠি ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, ফরিদপুর, শেরপুর, রংপুর, পাবনা, জয়পুরহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার ও হবিগঞ্জে পাঠানো হবে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সাক্ষীদের অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের বলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাক্ষী সুরক্ষা কমিটির প্রধান হলেও অধিকাংশ জেলা প্রশাসক এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করছেন না।
গত রোববার রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মোস্তফা হাওলাদার গত সোমবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পিরোজপুরের জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা মোস্তফা গত বছরের ১ জানুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেন। গত ২৮ অক্টোবর একই গ্রামের বাসিন্দা ও সাঈদীর বিরুদ্ধে প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদারের বাড়িতেও হামলা হয়েছিল। ২০১১ সালের ৭ ডিসেম্বর তিনি সাক্ষ্য দেন। তদন্ত সংস্থার সূত্র জানায়, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষী হত্যার হুমকি পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু আজ পর্যন্ত একটিরও তদন্ত হয়নি। এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মোজাফফর আহমেদ খান গত ৫ মার্চ কেরানীগঞ্জে সন্ত্রাসীদের ককটেল হামলায় আহত হন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী, তদন্ত সংস্থা ও রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে মৌখিক ও লিখিতভাবে জানিয়ে নিরাপত্তা চেয়েছিলাম। কিন্তু কেউই পদক্ষেপ নেননি।’
বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সারা বিশ্বে আন্তর্জাতিক অপরাধের বিচারে সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ‘ভিকটিম অ্যান্ড উইটনেসেস ইউনিট’ নামে একটি আলাদা বিভাগ রয়েছে, যাদের কাজ শুধু সাক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি দেখভাল করা। রুয়ান্ডা, সাবেক যুগোস্লাভিয়া, সিয়েরা লিওন, কম্বোডিয়া বা লেবাননে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছে, সেখানেও আলাদা আইন ও স্বতন্ত্র বিভাগের মাধ্যমে সাক্ষীদের নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে আইন মন্ত্রণালয়ে তিন বছর ধরে সাক্ষী সুরক্ষা আইন খসড়া আকারে পড়ে আছে।
এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘২০১০ সালে ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর থেকে আমরা সাক্ষী সুরক্ষা আইনের জন্য দাবি জানালেও তা বিবেচনা করা হয়নি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এ সাক্ষী সুরক্ষার বিধান নেই, পরে ট্রাইব্যুনালের বিধিমালায় একটি ধারা সংযোজন করা হয়, যা অসম্পূর্ণ।’