আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলা মামলার সাক্ষীদের সুরক্ষা দিতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গত সোমবার এক বিবৃতিতে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি এ আহ্বান জানায়। একই সঙ্গে সংগঠনটি সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেত দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদারের নিহত হওয়াসহ আরও কয়েকটি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দেওয়া হলো। গত ১০ ডিসেম্বর মোস্তফা হাওলাদার নিজ বাড়িতে হামলায় নিহত হন।
এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস এই বিবৃতিতে বলেন, ‘একজন সাক্ষী হত্যার বিষয়টি মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্বাপর সাক্ষীদের ভীতসন্ত্রস্ত করে তুলবে এবং কেউ কেউ আর সাক্ষ্য না দেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন।’
আডামস বলেন, ‘প্রধানত যাঁরা প্রত্যন্ত গ্রামে থাকেন, তাঁরা সাক্ষ্য দেওয়ার আগে, পরে ও সাক্ষ্যদানকালে জোরালো নিরাপত্তা-সুবিধা পাওয়ার অধিকারী। কিন্তু রাষ্ট্র মোস্তফা হাওলাদার ও তাঁর পরিবারকে সেই সুবিধা দিতে ব্যর্থ হয়েছে। বিবৃতিতে রঞ্জিত কুমার নাথ নামের অপর একজন সাক্ষী ছাড়াও বিচারপতি ফজলে কবির ও বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়িতে হামলা হওয়ার বিষয় উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।