সাক্ষীর অভাবে আটকে আছে বিচার কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছরে ছয়টি আদালতে ঘুরলেও খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডের বিচার এখনো শেষ হয়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী এক বাদামবিক্রেতার জবানবন্দি নেওয়া ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যের অভাবে আটকে গেছে বিচার কার্যক্রম।
২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে সন্ত্রাসীদের বোমা হামলায় মানিক সাহা নিহত হন। মৃত্যুর আগে তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক সংবাদ, নিউ এজ ও একুশে টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও বিবিসির প্রদায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা থানার উপপরিদর্শক (এসআই) রণজিৎ কুমার দাস ১৩ জনের বিরুদ্ধে দুটি মামলা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছয়টি আদালতে স্থানান্তর শেষে দুটি মামলা বর্তমানে খুলনা মহানগর দায়রা জজ-১ আদালতে বিচারাধীন। ১৯ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই আদালতের এপিপি মো. মোশারেফ হোসেন বলেন, এ পর্যন্ত ৪১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর তৎকালীন খুলনা বিভাগীয় বিদ্যুৎ কোর্টের ম্যাজিস্ট্রেট দেওয়ান আবদুস সামাদ ঘটনার প্রত্যক্ষদর্শী বাদামবিক্রেতা হিরা শিকদারের জবানবন্দি নেন। হিরা দীর্ঘদিন ধরে পলাতক। এ কারণে তাঁর জবানবন্দি নেওয়া ম্যাজিস্ট্রেট সামাদকে হাজির করার জন্য প্রায় তিন বছর আগে সংস্থাপনসচিবকে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু সচিব তাঁকে হাজির করাতে পারেননি।