সাক্ষীর অভাবে ট্রাইব্যুনাল থেকে ৬ মামলা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষীর অভাবে নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হওয়ায় জঙ্গিদের বিরুদ্ধে করা ছয়টি মামলা ফেরত পাঠিয়েছেন ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বিরুদ্ধে করা এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল সাড়ে তিন বছর আগে।
দুটি খুনের এবং চারটি নাশকতার অভিযোগে করা এসব মামলার মোট সাক্ষী ৩২৩ জন। এঁদের মধ্যে পুলিশ সদস্য ১০০। ছয় মামলায় আনুমানিক ১০ পুলিশ সদস্যসহ ৩০-৪০ জন সাক্ষ্য দিয়েছেন। তবে ছয় তদন্ত কর্মকর্তার কেউই সাক্ষ্য দেননি।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গত শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল থেকে ফেরত পাঠানোর তালিকা পাওয়ার পর রাষ্ট্রপক্ষ থেকে যা যা করণীয়, তা করা হবে। জঙ্গিদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি সৈয়দ শামসুল হক প্রথম আলোকে বলেন, সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশের। আদালত থেকে সাক্ষীদের নামে সমন পাঠানো হয়। সাক্ষী হাজির না হওয়ায় নির্ধারিত ১৩৫ কার্যদিবসের মধ্যে জেএমবির ছয়টি মামলা নিষ্পত্তি হয়নি। ফলে ট্রাইব্যুনাল ছয়টি মামলাই গাজীপুরের আদালতে পাঠিয়ে দিয়েছেন। এসব মামলার সাক্ষীদের নামে যে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে, তা আদালতের নিবন্ধন খাতায় লিপিবদ্ধ আছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট কাগজপত্রে দেখা গেছে, গত ২ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসব মামলা ফেরত পাঠানো হয়। অনুসন্ধানে দেখা গেছে, ২০১২ সালে মামলাগুলো ট্রাইব্যুনালে পাঠানোর পর রাষ্ট্রপক্ষ অল্পসংখক সাক্ষী আদালতে হাজির করতে পেরেছেন। সরকারি কৌঁসুলি আদালতের কাছে কেবল সময় চেয়ে গেছেন। এ বিষয়ে সরকারি কৌঁসুলির বক্তব্য, তিনি নিজে সাক্ষী হাজির করার জন্য বহু চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি। নিয়ম অনুযায়ী, সাক্ষী হাজির করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সুপার বরাবর চিঠিও পাঠান বিচারিক আদালত।
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মনে করেন, সাক্ষী হাজির নিশ্চিত করতে হলে আইনে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, সাক্ষী আনা যাদের দায়িত্ব, তাদের সেটা করতে বাধ্য করা। সাক্ষী আনতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আইন জরুরি। এই আইন না হলে কোনো মামলায় সাক্ষী আদালতে আসবে না। এ ছাড়া কেন তারা সাক্ষী আনতে পারল না, সেই জবাবদিহি থাকা উচিত।
সাক্ষী হাজির না করার বিষয়ে জানতে চাইলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, সাক্ষীর অভাবে মামলাগুলো ফেরত পাঠানো হয়েছে কি না, তা তাঁর জানা নেই। তবে আদালত থেকে যখন সমন কিংবা গ্রেপ্তারি পরোয়ানার কাগজ পাঠানো হয়, তখন পুলিশের পক্ষ থেকে তা তামিল করে প্রতিবেদন আকারে আদালতে পাঠানো হয়। এই ছয় মামলার ক্ষেত্রে কী ঘটেছে, তা তিনি খোঁজ নেবেন বলে জানান। একই কথা বলেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসানও।
ফেরত পাঠানো ছয়টি মামলার মধ্যে চারটি গাজীপুরের জয়দেবপুর থানার। বাকি দুটির মধ্যে একটি কালিয়াকৈর, অপরটি টঙ্গী থানার। ২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যে মামলাগুলো দায়ের হয়। ছয়টি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ৪৫ জন। প্রতিটি মামলার ক্ষেত্রে এক বছরের মধ্যে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০০৫ সালের ১ ডিসেম্বর গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমা হামলায় কাসেম আলী সরকার নামে একজন নিহত হন। এ ঘটনায় গাজীপুরের জয়দেবপুর থানার উপপরিদর্শক এ কে এম মামুনুর রশীদ ২০০৬ সালের ২৫ মে জেএমবির নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। দ্রুত বিচারের জন্য মামলাটি ২০১২ সালে পাঠানো হয় ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন জেএমবির সদস্য তৈয়েবুর রহমান ওরফে হাসান।
আদালত সূত্র জানায়, তৈয়েবুরকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে গত সাড়ে তিন বছরে ১২০ কার্যদিবস আদালতে হাজির করেছে রাষ্ট্রপক্ষ। এই মামলার ৭১ জন সাক্ষীর ৩২ জন সাক্ষী পুলিশ। তিন বছরে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের কোনো সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেননি।
তৈয়েবুর ছাড়াও অপর পাঁচ মামলায় গ্রেপ্তার থাকা আরও আট জেএমবি সদস্যকে আদালতে নিয়মিত হাজির করা হয়েছে। কিন্তু সাক্ষীদের হাজির করা হয়নি। সরেজমিনে দেখা যায়, গত ৩০ জুন এই নয় জঙ্গিকে কাশিমপুর কারাগার থেকে আদালতের হাজতখানায় রাখা হয়। সেদিনও সাক্ষী আনতে পারেনি রাষ্ট্রপক্ষ। ১৮ জুলাইও একই চিত্র দেখা যায়।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার তদারকির দায়িত্বে থাকা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘সাড়ে তিন বছর ধরে প্রায় প্রতি সপ্তাহে এই নয় জেএমবি সদস্যকে আদালতে হাজির করা হয়েছে। এদের আদালতে আনা হলে আমাদের টেনশন হয়। কখন কী করে বসে!’
২০০৯ সালের ১ ফেব্রুয়ারি জয়দেবপুর থানার পূর্ব কলমেশ্বর এলাকা থেকে শক্তিশালী গ্রেনেডসহ জেএমবির সদস্য মামুনুর রশীদ গ্রেপ্তার হন। ঘটনার তদন্ত করে মামুনসহ ছয়জনের বিরুদ্ধে ওই বছরের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক কামরুল হাসান। মামলাটি বিচারের জন্য ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার সফিপুর গ্রাম থেকে ২০০৬ সালের ৯ ডিসেম্বর বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেপ্তার হন জেএমবির সদস্য সাইফুল ইসলাম। এ ঘটনায় সাইফুলসহ চারজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৮ জুলাই আদালতে অভিযোগপত্র দেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম।
২০০৫ সালের ১ ডিসেম্বর গাজীপুরের ডিসি কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জেএমবির সুইসাইডাল স্কোয়াডের সদস্য আবদুর রাজ্জাক গ্রেপ্তার হন। এ ঘটনায় জেএমবির নয়জনের বিরুদ্ধে ২০০৬ সালের ৬ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন জয়দেবপুর থানার উপপরিদর্শক শাকিল আহম্মেদ।
২০০৫ সালের ৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতির ভবনে বোমা হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার তদন্ত শেষে ২০০৬ সালের ১৫ আগস্ট ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন গাজীপুর সিআইডির পুলিশ পরিদর্শক শ্যামল চৌধুরী।
২০০৬ সালের ৮ জানুয়ারি গাজীপুরের টঙ্গী এলাকা থেকে বিস্ফোরকসহ গ্রেপ্তার হন জেএমবি সদস্য আবদুল্লাহ আল সোহাইল। এ ঘটনায় ওই বছরেই পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যেমন শক্ত আইন রয়েছে ঠিক তেমনি জঙ্গিদের বিচারের জন্যও শক্ত আইন দরকার। জঙ্গিদের বিচার ফৌজদারি আইনে করলে হবে না, এ জন্য বিশেষ আইন তৈরি করা দরকার। বিশেষ আইনে বিশেষ আদালতে জঙ্গিদের বিচার করতে হবে।