রাষ্ট্রপক্ষে সাক্ষীর অভাবে আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় মামলার বিচারকাজ ঝুলে আছে। তবে মামলার বাদী আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম আদালতে হাজির হননি।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় তিন বছর পর চলতি বছরের ৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে ১ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিলেন আদালত। ওই দিন সাক্ষী হাজির না হওয়ায় আদালত ১ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। এরপর আদালত ১০ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।
মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলামের আদালতে বিচারাধীন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী এ টি এম গোলাম গাউছ প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় মামলার সাক্ষ্য কার্যক্রম থেমে আছে।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাজী সাহানা বলেন, ৩ সেপ্টেম্বর ঢাকার জেলা জজ তাজরীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ১ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিলেন। পরে বিচারকাজ নিস্পত্তি করতে ২০ সেপ্টেম্বর প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতে পাঠানো হয়। আদালত থেকে সাক্ষীদের প্রতি সমন জারির আদেশ হয়েছে।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন পোশাকশ্রমিকের মৃত্যু হয়। আহত হন ১০৪ শ্রমিক। ২০১৩ সালের ২ ডিসেম্বর অভিযোগপত্র দেয় সিআইডি।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রতিষ্ঠানের প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, ইনচার্জ আনিসুর রহমান, স্টোর ইনচার্জ আল-আমিন, কারখানা ম্যানেজার আবদুর রাজ্জাক, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু, কোয়ালিটি ম্যানেজার শহিদুজ্জামান দুলাল, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল ও লোডার শামীম মিয়া। এঁদের মধ্যে শেষের চারজন পলাতক আছেন। গতকাল প্রকৌশলী মাহবুবুল মোর্শেদ
আত্মসমর্পণ করে জামিন নেন। বাকিরা জামিনে আছেন।