সাক্ষীর অভাবে ১৪ বছর ঝুলে আছে মামলাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রব, মোহাম্মদ আলী
আবদুর রব, মোহাম্মদ আলী

১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন কামানের গোলার আঘাতে আহত হয়েছিলেন, তখন মোহাম্মদ আলীর বয়স ছিল ২৪ বছর। ওই গোলার আঘাতে নিহত হন নিরীহ ১৩ জন মানুষ। আহত হয়েছিলেন ১৭ জন। এত হতাহতের পরও দুই দশকের বেশি সময় ওই ঘটনায় কোনো মামলা করতে পারেননি কেউ। ২১ বছর পরে মোহাম্মদপুর থানায় মামলা করতে পারলেও এখনো বিচার পাননি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। সাক্ষীরা আদালতে আসছেন না, শুধু এ কারণে ঝুলে আছে মামলাটি।
মোহাম্মদ আলীর সঙ্গে গত বৃহস্পতিবার কথা হয় সাভারের শ্যামলাসী এলাকায় তাঁর ভাড়া বাসায়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ শূরী সড়কের ৯ নম্বর বাড়ি ও শাহজাহান রোডের ১৯৬ ও ১৯৭ নম্বর বাড়ির মাঝামাঝি জায়গায় তিনটি কামানের গোলা বিস্ফোরিত হয়। ওই গোলায় শেরশাহ শূরী রোডের ৮, ৬ ও ২০ নম্বর বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এতে ১৩ জন নিহত ও ১৭ জন আহত হন। মোহাম্মদ আলী থাকতেন শেরশাহ শূরী রোডের ৮ নম্বর বাড়িতে। বাঁশের বেড়া ভেদ করে স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছিলেন তিনিসহ তাঁর পরিবারের কয়েকজন সদস্য।
পঁচাত্তরের ১৫ আগস্টের স্মৃতিচারণ করে মোহাম্মদ আলী বলেন, ‘বিকট আওয়াজে ঘুম ভেঙে গেল। ঊরুর ওপরে একটা আঘাত পেলাম। ঊরুটা গামছা দিয়ে বেঁধে পাশের বাড়িতে গিয়ে দেখি ম্যাসাকার হয়ে গেছে। রক্ত, মাংস, মগজ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। মৃত্তিকা জরিপ পরিদপ্তরের কর্মচারী হাবিবুর রহমানের ছিন্নভিন্ন দেহটা উঠোনে পড়ে আছে। ইউনুস রদ্দির ডান পাশটা উড়ে গেছে। রিজিয়া বেগমের দুধের শিশু নাসিমা মায়ের বুকেই লেপ্টে আছে। আর রিজিয়ার মগজ বেড়ায় লেগে আছে। স্থানীয় লোকজন আহতদের টানাটানি করে ঠেলাগাড়িতে তুলে নিয়ে গেলেন সোহরাওয়ার্দী হাসপাতালে। এক নার্স আমাকে ব্যান্ডেজ করে দিয়ে ছেড়ে দিলেন।’
মোহাম্মদ আলী বলেন, ‘এই অবস্থায় আমি মোহাম্মদপুর থানায় গেলাম। ওসি ছিলেন আবদুর রব, ম্যান অব সিলেট। গিয়ে বললাম আমাদের এখানে একটা বোম ফুটছে না কী হইছে, এসে দেখেন, সব ম্যাসাকার হয়ে গেছে। ওসি বললেন, দেশ এখন কে চালাচ্ছে তাই জানি না। এই অবস্থায় মামলা নিতে পারব না, চাপ আসবে। আপনারা লাশগুলো যার যার ধর্মমতে সৎকার করে ফেলেন। আমি লিখিত দিতে চাইলাম, ওসি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে থানা থেকে তাড়িয়ে দেন। সন্ধ্যার পরেই সেনাবাহিনীর লোকজন সাদা পোশাকে আনাগোনা শুরু করে দিল। পরিস্থিতি দেখে ভয়ে আমি এলাকা ছাড়লাম। এরপরে বেশ কয়েক বছর তো আমরা পরিচয়ই দিতাম না আমরা মুক্তিযোদ্ধা, আমাদের বাড়িতে কামানের গোলা পড়ছে। এরপরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ইনডেমনিটি আইন বাতিল হলো, তারপরে আমি বিচার চাইতে গেলাম। থানায় মামলা করলাম।’
মোহাম্মদ আলী বলেন, ‘এই মামলা চালাতে গিয়ে আমার অনেক টাকা গেছে। কেউ কখনো সাহায্য করেনি। ছেলে বিদেশ থেকে সামান্য কিছু টাকা পাঠায়, মুক্তিযোদ্ধা ভাতা পাই। এ টাকায় ঢাকা শহরে বাড়ি ভাড়া করে থাকতে পারছিলাম না, তাই এখন গ্রামের দিকে বাসা নিয়ে থাকি।’
ওই গোলা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন মোহাম্মদ আলীর মামা আবদুর রব মাস্টার। তিনি এখনো শেরশাহ শূরী সড়কের বাসাতেই থাকেন। তিনি বলেন, ‘সেখানে তখন ১০-১২টি ঘরে ৩৫-৪০ জন বাস করতেন। প্রতি ঘরের ভাড়া ছিল ১৫ টাকা। আমার ঘরের যে টিনের দরজাটি ছিল, সেটিতে ১৭টি ছিদ্র হয়েছে। ঝাঁছরা হয়ে গেছিলো।’
আবদুর রব ও মোহাম্মদ আলী বলেন, আহতদের অনেকে এখনো সাহায্যের জন্য তাঁদের কাছে আসেন। কিন্তু সরকার এই পরিবারগুলোর জন্য কিছু করেনি।
মামলা: ১৯৯৬ সালে মামলা দায়েরের পরে সাড়ে চার বছর তদন্ত করে ২০০১ সালের এপ্রিল মাসে ১৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রভুক্ত ১৮ আসামির মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি কার্যকর হয়েছে ২০১০ সালে। তাঁরা হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) সুলতান শাহরিয়ার রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ, মেজর (অবসরপ্রাপ্ত) বজলুল হুদা ও মেজর (অব্যাহতিপ্রাপ্ত) এ কে এম মহিউদ্দিন আহমেদ। এই পাঁচজনসহ সাবেক তথ্যমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
অভিযোগপত্র দেওয়ার ১৪ বছরেও মামলাটি কেন নিষ্পত্তি হয়নি, জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, মাত্র চারজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। সাক্ষীরা না আসার কারণে মামলাটি ঝুলে আছে। গুরুত্বপূর্ণ বলে মামলাটি শেষও করা যাচ্ছে না।