সাক্ষীর গ্রামের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী আবদুল হালিমের গ্রামের বাড়িতে গিয়ে আসামিপক্ষের আইনজীবীদের হুমকি দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সাঈদীর আইনজীবীরা।সাঈদীর আইনজীবীরা গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন। সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম বলেন, আসামিপক্ষের আইনজীবীরা গত ২ ও ৩ ডিসেম্বর মামলার প্রস্তুতির জন্য পিরোজপুরে যান। ২ ডিসেম্বর আসামিপক্ষের ছয়জন আইনজীবী সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগের ঘটনাস্থল নলবুনিয়া গ্রামে যান। সেখানে তাঁরা আবদুল হালিমের বাড়ির সামনের রাস্তা ও মসজিদের কাছে দাঁড়িয়ে ঘটনাস্থলের নকশা তৈরি করছিলেন। সেখানে অনেক সাংবাদিক ও স্থানীয় মানুষ ছিলেন। এ সময় আবদুল হালিম আইনজীবীদের কাছে এসে ‘আপনারা আমার বাড়ি লুট করতে আসছেন’ বলে চিৎকার করতে থাকেন। পরে হালিমের পরিবারের কয়েকজন সদস্য ওই আচরণের জন্য আইনজীবীদের কাছে ক্ষমা চান।সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আটক নেতাদের আইনজীবী মুন্সী আহসান কবীর, ফরিদ উদ্দিন খান, তানভির আহমেদ আল-আমীন প্রমুখ।মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৭ জানুয়ারি সাঈদীর বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দেওয়ার সময় আবদুল হালিম অভিযোগ করেন, আসামিপক্ষের আইনজীবীরা তিন-চার শ লোক নিয়ে তাঁর গ্রামের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন।নিউ এজ-এর বিরুদ্ধে রুলের বিষয়ে আদেশ ১৯ ফেব্রুয়ারি: ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিরুদ্ধে আদালত অবমাননা রুলের বিষয়ে আদেশের জন্য ট্রাইব্যুনাল ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল শুনানি শেষে এই দিন ধার্য করেন। নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খানের বক্তব্য গতকাল শেষ হয়।২ অক্টোবর নিউ এজ-এর সম্পাদকীয় পাতায় প্রকাশিত ‘এ ক্রুশিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শীর্ষক লেখাটি কেন ট্রাইব্যুনালের জন্য অবমাননাকর নয়, তার কারণ দর্শানোর জন্য ৩ অক্টোবর ট্রাইব্যুনাল রুল জারি করেন।