সাক্ষীর জবানবন্দির পরিবর্তে হলফনামার ওপর গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন

মামলাজট নিরসনে ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে আদালতে উপস্থিত হয়ে সাক্ষীর জবানবন্দি দেওয়ার পরিবর্তে বক্তব্য হলফনামা আকারে দাখিল করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। একই সঙ্গে সাক্ষীকে কেবল জেরার জন্য আদালতে উপস্থিত করার চর্চা প্রবর্তনে সংশ্লিষ্ট আইন সংশোধনেও মত দেন তিনি।
গতকাল শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘মামলা ব্যবস্থাপনা কমিটি: কাজের ধরন, নির্দেশনাবলি ও সামনে চলা’ বিষয়ক এক জাতীয় সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান বিচারপতি এসব কথা বলেন। জুডিশিয়াল স্ট্রেনদেনিং প্রকল্প (জাস্ট) ওই সেমিনারের আয়োজন করা হয়। ইউএনডিপি ও সুপ্রিম কোর্ট যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে উপস্থিত আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রধান বিচারপতি বলেন, সাক্ষীর জবানবন্দি হলফনামা আকারে দাখিলের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট আইন সংশোধন করার বিষয়টি বিবেচনার সময় এসেছে। দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে মালয়েশিয়াসহ কমন ল ভুক্ত কয়েকটি দেশে সাক্ষীর আদালতে হাজির হয়ে জবানবন্দি দেওয়া রহিত করা হয়েছে। সেসব দেশে হলফনামা আকারে জবানবন্দি দাখিল ও জেরার সময় সাক্ষীকে আদালতে হাজির করা হচ্ছে।
দেশে অস্বাভাবিকভাবে মামলার সংখ্যা বেড়ে চলেছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, অস্বীকার করার উপায় নেই, বিচার ব্যবস্থাকে বিরাট মামলার জট সামলাতে হচ্ছে। এটা ন্যায়বিচার পেতে বাধার সৃষ্টি করছে। এর পেছনে সমন্বয়হীনতা, অভিজ্ঞতা বিনিময়, সার্বক্ষণিক তদারক ও সময় ব্যবস্থাপনা এবং বিচারক ও আদালতের কর্মচারীদের কাজের মূল্যায়নের অভাব রয়েছে। জনসংখ্যা বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে অধিকার সচেতনতা মামলা বৃদ্ধির অন্যতম কারণ। বিভিন্ন দেশে শুনানির জন্য সময় বেঁধে দেওয়া হয়। অপ্রয়োজনীয় এবং দীর্ঘ শুনানির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে।
দেওয়ানি মামলার জট কমাতে সালিসের মাধ্যমে মধ্যস্থতা (মেডিয়েশন) জরুরি নিয়ামক হতে পারে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে আদালত সম্পৃক্ত মধ্যস্থতার মাধ্যমে ৮০ থেকে ৯০ শতাংশ মামলা নিষ্পত্তি হচ্ছে। এটা আমাদের লাগসই মামলাজট কমাতে সাহায্য করবে।
প্রধান বিচারপতি বলেন, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ঢাকা, কিশোরগঞ্জ ও রাঙামাটিতে জাস্ট প্রকল্পের আওতায় সুপ্রিম কোর্ট তিনটি পরীক্ষামূলক ব্যবস্থাপনা কমিটি গঠন করে। গত এক বছরে কমিটির নিরলস কাজের ফলে ওখানকার আদালতে মামলা নিষ্পত্তির হার ৭৪ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সারা দেশে এটি ছড়িয়ে দিতে গত ৪ সেপ্টেম্বর দেশের ৬৪ জেলা ও পাঁচটি মহানগর আদালতে মামলা ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য নির্দেশনা জারি করা হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেওয়ানি আইন সংশোধন করে দেওয়ানি মামলার ক্ষেত্রে মধ্যস্থতা বাধ্যতামূলক করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এখন প্রজ্ঞাপন জারি করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির দেশীয় পরিচালক পলিন টেমেসিস। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও জাষ্ট প্রকল্পের পরিচালক এস এম কুদ্দুস জামান ‘মামলা ব্যবস্থাপনা কমিটি: কাজের ধরন, নির্দেশনাবলি ও সামনে চলা’ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন।
এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।