সাক্ষীর দাবি নিজামীর বিরুদ্ধে কেউ অভিযোগ করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী মো. শামসুল আলম। জবানবন্দিতে তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধকালে পাবনা অঞ্চলে কোনো ব্যক্তি নিজামীর বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ করেননি।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শামসুল আলমের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী মনজুর আহমেদ আনসারী। জবানবন্দিতে শামসুল আলম (৬২) বলেন, তাঁর বাড়ি পাবনা সদর থানার গোবিন্দা গ্রামে। তিনি পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি প্রশিক্ষণ নিতে ভারতে যান। আগস্ট মাসে বাংলাদেশে ফিরে রাজশাহী, পাবনাসহ কয়েক জায়গায় সম্মুখযুদ্ধে অংশ নেন।
আসামিপক্ষের এই সাক্ষী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে তাঁদের (মুক্তিযোদ্ধাদের) কাছে শত শত লোকের বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ এসেছে। কিন্তু মতিউর রহমান নিজামী কোনো অপরাধ করেছেন, এমন অভিযোগ কেউ করেননি। স্বাধীনতার পর তিনি পাবনার সাঁথিয়া, সুজানগর, বেড়াসহ বিভিন্ন এলাকায় গেছেন। সেসব জায়গায়ও নিজামীর বিরুদ্ধে কোনো অভিযোগ পাননি।
জবানবন্দিতে শামসুল আলম আরও বলেন, পাবনার স্থানীয় শান্তি কমিটির সভাপতি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কমিটির সদস্য ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। তাঁরা নিম্নবিত্ত লোকজন নিয়ে রাজাকার বাহিনী গঠন করেছিলেন। রাজাকারদের সঙ্গে তাঁদের তেমন যুদ্ধ করতে হয়নি।
জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা নিজামীকে শনাক্ত করেন এই সাফাই সাক্ষী। পরে সাক্ষীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। জেরায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মত (সাজেশন) দেন, ২০০১ সালের সাধারণ নির্বাচনে নিজামীর নির্বাচনী প্রচারণায় আসামিপক্ষের এই সাক্ষী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় নিজামীর প্রিয়পাত্র হয়ে ওঠেন। আসামিপক্ষের সাক্ষী বলেন, এটা সত্য নয়।
মোহাম্মদ আলী মত দেন, ২০০১ সালের নির্বাচনের পর নিজামী চারদলীয় জোট সরকারের মন্ত্রী হওয়ায় তাঁর উদ্যোগে আসামিপক্ষের এই সাক্ষী পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মনোনীত হন। শামসুল আলম বলেন, এটা সত্য নয়। এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, এই মামলার আসামি নিজামী একাত্তরে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন কি না, তা তিনি জানেন না।
জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।